মালালা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার উপযুক্ত: জোলি
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তালেবানের গুলিতে আহত মালালা ইউসুফজাইয়ের সাহসিকতার প্রশংসা করেছেন। তাঁর বিবেচনায় সে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার উপযুক্ত। সম্প্রতি একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে তিনি এ প্রশংসা করেন। ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে মালালা গুরুতর আহত হয়। নারী শিক্ষার পক্ষে কঠোর অবস্থান নেওয়ায় তালেবানের রোষানলে পড়ে সে। বর্তমানে মালালা যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।মালালাকে গুলি করার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। তালেবান মালালাকে গুলি করার পর তার বাবাকেও হত্যার হুমকি দিয়েছে।জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বিশেষ দূত জোলি পাকিস্তানের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় একটি তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বানও জানান। জোলি বলেন, ‘আমার সন্তানেরাও মালালাকে অনুভব করছে। আমার আট বছরের সন্তানটি পরামর্শ দিয়েছে, বিশ্বের উচিত মালালার একটি প্রতিকৃতি তৈরি করা।’ হলিউড অভিনেত্রী বলেন, নারী শিক্ষার জন্য বিপ্লব ঘটাতে গিয়ে মালালার জীবনে ভয়ংকর ঘটনা ঘটে গেছে। কাজেই শান্তিতে নোবেল পুরস্কারের উপযুক্ত প্রার্থী হিসেবে তাকে নোবেল কমিটির বিবেচনা করা উচিত। ডন।