মালালাই পেল শাখারভ পুরস্কার

ইউরোপীয় পার্লামেন্টের মর্যাদাসম্পন্ন শাখারভ মানবাধিকার পুরস্কার পেয়েছে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। গতকাল বৃহস্পতিবার এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগেই ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় মালালার নাম ছিল।
মালালাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে ইউরোপিয়ান পিপলস পার্টির চেয়ারম্যান জোসেফ দাউল বলেন, ‘আজ আমরা বিশ্বকে জানাচ্ছি যে মালালা ইউসুফজাইয়ের মতো তরুণদের মধ্যেই আছে আমাদের সুন্দর ভবিষ্যৎ।’
শাখারভ পুরস্কারের জন্য এবার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বেলারুশে কারাবন্দী তিন ভিন্নমতাবলম্বী এবং মার্কিন গোয়েন্দা নজরদারির তথ্য ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এডওয়ার্ড স্নোডেন।
গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় মালালাকে গুলি করে দেশটির তালেবান জঙ্গিরা। অল্পের জন্য সে বেঁচে যায়। এর পর থেকে সে নারীদের অধিকার আদায়ের আন্দোলনের কর্মী হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নামও ব্যাপকভাবে শোনা যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা এবং জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান শাখারভ পুরস্কার পেয়েছেন। এ পুরস্কারের আর্থিক মূল্যমান ৫০ হাজার ইউরো (৬৫ হাজার মার্কিন ডলার)।
গত বছর এই পুরস্কার পেয়েছিলেন দুই ইরানি নাগরিক। তাঁরা হলেন আইনজীবী নাসরিন সতৌদেহ এবং চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। এএফপি।