মালালাকে আজীবন নিরাপত্তা দেওয়া হবে: মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু আপৎকালীনই নয়, সারা জীবনের জন্য কঠোর নিরাপত্তা পাবে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক এ ঘোষণা দিয়েছেন। গত রোববার নয়াদিল্লিতে ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিক বলেন, মালালা পাকিস্তানে ফিরতে চায়। তবে সে সন্ত্রাসীদের লক্ষ্যে পরিণত হওয়ায় জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘মালালা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে। আমি নিশ্চিত সে পাকিস্তানে ফিরবেই। আমি এও মনে করি না, অনির্দিষ্টকালব্যাপী সে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হয়ে থাকবে।’১৫ বছরের এ অকুতোভয় কিশোরী গত অক্টোবরে সোয়াত উপত্যকায় তালেবানের গুলিতে আহত হয়। বর্তমানে যুক্তরাজ্যের রানি এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মালালার সুচিকিৎসার ব্যবস্থা করায় যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।মালিক আরও বলেন, ‘আমি আশাবাদী, মালালা সুস্থ হয়ে উঠবে। সে হাঁটাচলা ও কথাবার্তা বলতে পারলে স্বাভাবিক জীবন ফিরে পাবে। আর তার সাহসিকতার জন্য আজীবন সে নিরাপত্তা পাবে। আমি আশা করছি, ইনশাল্লাহ! সে দেশে ফিরে আসবে।’মালিক বলেন, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদ দমন না হওয়া পর্যন্ত সে নিরাপত্তা পাবে। ভবিষ্যতে কী ঘটবে তা আমরা বলতে পারছি না। তালেবান কালও ধ্বংস হয়ে যেতে পারে। তবে আমরা মনে করি এবং ভবিষ্যৎ সরকারেরও ভাবা উচিত যে মালালার নিরাপত্তার প্রয়োজন আছে। সত্যি বলতে এটা কোনো ইস্যু নয়। কেননা, সে এখন পাকিস্তানের “আইকনে” পরিণত হয়েছে।’ এদিকে মালালার স্কুলটি তার নামানুসারে রাখার আবারও ঘোষণা দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।টেলিগ্রাফ।