মালালাকে দেখতে গেলেন তিন দেশের মন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানি ছাত্রী মালালা ইউসুফজাইকে গতকাল সোমবার দেখতে গেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর সূত্র এ খবর জানিয়েছে।তালেবান জঙ্গিদের হামলার শিকার মালালাকে উন্নত চিকিৎসার জন্য ১৫ অক্টোবর যুক্তরাজ্যে নেওয়া হয়। নারী শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবিতে আন্দোলন করায় তালেবান জঙ্গিরা মালালার মাথায় গুলি করে।পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি হাসপাতালে মালালার খোঁজ নেন এবং তার কাছে পাকিস্তানিদের শুভকামনা পৌঁছে দেন।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালালার দ্রুত সেরে ওঠার ওপরই এখন প্রাধান্য দেওয়া হচ্ছে। নারী শিক্ষার পক্ষে আন্দোলনকারী যেকোনো ব্যক্তির পাশে দাঁড়াবে যুক্তরাজ্য।ইউএইর পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর সরকার মালালাকে প্রয়োজনীয় সহায়তা করবে। মেয়েটির ওপর হামলায় তাঁরা মর্মাহত হয়েছেন। এএফপি।