সোয়াতের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ‘মূল হোতা’ তালেবান নেতা ফজলুল্লাহ ওরফে ‘রেডিও মোল্লা’কে ইসলামাবাদের কাছে হস্তান্তরের জন্য আফগানিস্তানের প্রতি অনুরোধ জানিয়েছে পাকিস্তান। যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন মালালার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। ফজলুল্লাহ আফগানিস্তানে অবস্থান করছেন। তিনি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে পাকিস্তানের অভ্যন্তরে ১৫টি বড় ধরনের জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ রয়েছে। এসব হামলায় অন্তত ২০০ ব্যক্তি নিহত হন। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান-পাকিস্তানবিষয়ক বিশেষ মার্কিন দূত মার্ক গ্রসম্যান গত শনিবার ইসলামাবাদ সফরে যান। তাঁর সঙ্গে বৈঠকে পকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার তালেবান ফজলুল্লাহকে ইসলামাবাদের কাছে হস্তান্তরের অনুরোধ জানান। কুইন এলিজাবেথ হাসপাতালের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, মালালার অবস্থার আরও উন্নতি হচ্ছে। এর আগে কুইন এলিজাবেথ হাসপাতালের পরিচালক ডেভ রজার জানান, মালালা নোটবুকে লিখে তার কথা জানাতে পারছে।মালালা ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুলের গাড়িতে করে বাড়ি ফেরার পথে তালেবান জঙ্গিরা গাড়িতে উঠে তাকে লক্ষ্য করে গুলি করে। তালেবানের বিপক্ষে কথা বলা ও সোয়াতে নারীশিক্ষার পক্ষে কাজ করায় মালালার ওপর ক্ষুব্ধ ছিল তালেবান। পিটিআই, হিন্দুস্তান টাইমস।