মালালার জন্য এবার গ্ল্যামার সাময়িকী সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই যুক্তরাষ্ট্রের গ্ল্যামার সাময়িকীর এবারের বর্ষসেরা নারীদের একজন নির্বাচিত হয়েছে।
সোমবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে গ্ল্যামার সাময়িকীর বর্ষসেরা ১২ নারীর একজন হিসেবে মালালার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মাধ্যমে গ্ল্যামার পত্রিকা মালালার নামে তহবিল সংগ্রহের প্রচারণা শুরু করল। ওই তহবিল থেকে মেয়েদের শিক্ষার মান উন্নয়নের প্রকল্পে সহায়তা দেওয়া হবে।
গ্ল্যামার সাময়িকী এর আগে পাকিস্তানের ধর্ষণের শিকার এবং প্রতিবাদের আন্তর্জাতিক প্রতীকে পরিণত হওয়া মুক্তারা মাইকে ২০০৫ সালে সম্মানিত করেছিল। এ ছাড়া গত বছর অস্কার পুরস্কার বিজয়ী পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতা শারমিন ওবাইদ-চিনয় ও অ্যাসিড-সন্ত্রাসের শিকার জাকিয়াকে যৌথভাবে পুরস্কৃত করেছিল। ডন।