মালালার ঝুলিতে আরেকটি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই আরও একটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে। গত রোববার মেক্সিকোর কর্তৃপক্ষ এ বছর তাকে ইকুয়ালিটি অ্যান্ড নন-ডিসক্রিমিনেশন (সাম্য ও বৈষম্যহীন) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
মেক্সিকোর বৈষম্য প্রতিরোধবিষয়ক জাতীয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, ‘মানবাধিকার রক্ষায়’ বিশেষ করে ‘বয়স, লিঙ্গ ও ধর্ম-নির্বিশেষে’ সবার জন্য বৈষম্যহীন শিক্ষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মালালার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে মালালার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হতে পারে।
গত বছর জন্মশহর সোয়াতে স্কুলছাত্রী মালালার (১৬) মাথায় গুলি করেছিল তালেবান জঙ্গিরা। কিন্তু তাকে প্রথমে দেশে ও পরে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা দেওয়া হয়। নারীশিক্ষার পক্ষে সোচ্চার এই কিশোরীকে হত্যাচেষ্টার ওই ঘটনায় সারা বিশ্বে হইচই পড়ে যায়। সাহসী এই কর্মী ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।
মালালা বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে। সে মাত্র ১১ বছর বয়সে মেয়েশিক্ষার অধিকারের পক্ষে ব্লগ লিখতে শুরু করে। সোয়াতে তখন তালেবান জঙ্গিরা নারীশিক্ষা নিষিদ্ধ করেছিল। মেয়েদের শত শত বিদ্যালয় বন্ধ করে দিয়েছিল। এর মধ্যেই লুকিয়ে স্কুলে যেত মালালা। তালেবানের বিরুদ্ধে কথা বলত। পড়াশোনা চালিয়ে যেতে সহপাঠীদের উৎসাহ দিত। ইতিমধ্যে সে আত্মজীবনী লিখেছে। জাতিসংঘে ভাষণ দিয়েছে। বিশ্বের মেয়েদের স্কুলে যাওয়া নিশ্চিতে সহায়তা দিতে তহবিল গঠন করেছে।
গত সপ্তাহে বিশ্ব শিশু দিবসে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক সম্মানজনক শাখারভ পুরস্কার তুলে দেওয়া হয় মামলার হাতে। এএফপি।