মালালার নাম ভাঙিয়ে অর্থ সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবানের গুলিতে আহত নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের নাম ভাঙিয়ে অর্থ আদায় শুরু করেছেন যুক্তরাজ্যে বসবাসকারী কিছু পাকিস্তানি নাগরিক। এই অর্থ সংগ্রহের অজুহাত হিসেবে তাঁরা ‘শিক্ষা বিস্তারের’ কথা বলছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। তালেবানের গুলিতে আহত মালালা বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যপ্রবাসী পাকিস্তানিদের অর্থ তোলা নিয়ে শঙ্কা বাড়ছে। কেননা, মালালার নাম ব্যবহারে লোকজন অর্থ দেবে ঠিকই, কিন্তু যে প্রক্রিয়ায় অর্থ তোলা হচ্ছে, তার স্বচ্ছতা ও স্পষ্টতা রয়েছে খুব সামান্যই। আবার কোন খাতে এ অর্থ ব্যয় করা হবে, কে তহবিলের অর্থ আদায় ও এর খরচ তদারকি করবে, সেসব নিয়েও স্বচ্ছতার অভাব রয়েছে।বিষয়টি এখন এত দূর গড়িয়েছে যে, যুক্তরাজ্যে পাকিস্তানের হাইকমিশন ও কুইন এলিজাবেথ হাসপাতাল সূত্র গত বৃহস্পতিবার বলেছে, মালালার পরিবার কাউকে অনুদান আদায় কিংবা তহবিল প্রতিষ্ঠার অনুমোদন দেয়নি। এক বিবৃতিতে পাকিস্তানি হাইকমিশন সতর্ক করে বলেছে, ওই অর্থ আদায়ের পেছনে মালালার পরিবার ও যুক্তরাজ্যে পাকিস্তানি হাইকমিশনের কোনো সমর্থন নেই। এ ধরনের তৎপরতার দায়দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে। দ্য নিউজ।