মালালার নামে গ্রহাণু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাইয়ের নামে একটি গ্রহাণুর নামকরণ করা হলো। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এটি করেছে বলে মালালা তহবিল ব্লগ গত বৃহস্পতিবার জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও আইএএনএসের।
নাসার প্রতিষ্ঠান জেট প্রপালশন ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী অ্যামি মেইনজার গ্রহাণুটির নামকরণ করেন। যে মিশনের আওতায় ‘৩১৬২০১ মালালা’ গ্রহাণুটি আবিষ্কার করা হয়েছে, তার অন্যতম বিজ্ঞানী মেইনজার।
মেইনজার বলেন, ‘অনেকের নামে গ্রহাণুর নামকরণ করা হলেও এখন পর্যন্ত খুব কম গ্রহাণুর নামকরণই নারীর নামে করার মাধ্যমে তাঁদের অর্জনকে সম্মানিত করা হয়েছে। মালালার নামে নামকরণ করতে পারাটা একটা বিরাট সম্মানের ব্যাপার।’
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের (আইএইউ) নিয়মানুসারে, কোনো গ্রহাণুর আবিষ্কারক সেটির নামকরণ করতে পারেন। মেইনজারের আবিষ্কৃত গ্রহাণুটি মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে ‘মেইন বেল্ট’ এলাকায় অবস্থিত। এটি সূর্যকে প্রতি সাড়ে পাঁচ বছরে একবার প্রদক্ষিণ করে।