মালালার নোবেল জয়ের জন্য গোপনে প্রার্থনা

এ সপ্তাহেই ঘোষণা হবে শান্তিতে নোবেল পুরস্কারজয়ীর নাম। সম্ভাব্য জয়ী ব্যক্তিদের তালিকায় রয়েছে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের (১৬) নাম। পাকিস্তানে তার সহপাঠীরাও আশা করছে, এবার নোবেল জিতবে সে। গোপনে প্রিয় সহপাঠীর জন্য তারা প্রার্থনাও করছে।
গত বছরের ৯ অক্টোবর তালেবানের গুলিতে আহত হয়েও প্রাণে বেঁচে যাওয়া মালালা এখন শিক্ষার বৈশ্বিক দূত। এবারের শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী শুক্রবার। এ পুরস্কারের দৌড়ে এগিয়ে আছে সে। পশ্চিমা দুনিয়ার বিখ্যাত ব্যক্তি ও রাজনীতিকদের কাছেও সে দারুণভাবে সম্মানিত। তবে পাকিস্তানের যে সোয়াত উপত্যকায় মালালা বেড়ে উঠেছে, সেখানে অনেকেই তাকে দেখে সন্দেহ, অবজ্ঞা আর ঘৃণার চোখে।
মালালাকে নিয়ে কোনো সন্দেহ নেই তার দীর্ঘদিনের বন্ধু সাফিয়ার। সে জানাল, মালালা ও নারী অধিকারের কথা। বলল, এবার শান্তিতে নোবেল তারই প্রাপ্য। এ সপ্তাহে নোবেলজয়ী হিসেবে মালালার নাম ঘোষণা হোক, সেজন্য দৃঢ়চিত্তে প্রার্থনা করবে সে।
সাফিয়ার মতোই দৃষ্টিভঙ্গি মিঙ্গোরার অনেক স্কুলছাত্রীর। ১৪ বছর বয়সী রেহানা নূর বলল, ‘মালালা একটি আদর্শ। এটা কেবল আমাদের জন্য নয়, বরং পুরো পাকিস্তানের জন্য।’
তবে মালালা নিয়মিত গণমাধ্যমের সামনে হাজির হয়ে পশ্চিমা দুনিয়ায় তারকা বনে গেলেও বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে অনেকে। সোয়াতের নারীশিক্ষাবিষয়ক প্রধান দিলশাদ বেগম বলেন, নারীরা ক্যামেরার সামনে দাঁড়াক, স্থানীয় পশতুন সমাজ এটা পছন্দ করে না। আর পাকিস্তানের অন্যতম প্রধান ধর্মীয় রাজনৈতিক দল জেইউআই-এফের নেতা গুল নসিব আরেকটু এগিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র মালালাকে সৃষ্টি করেছে তাদের নগ্ন সংস্কৃতির প্রবর্তন করতে এবং বিশ্বের দরবারে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করতে।’
গাড়িচালক আলি রহমান বলেন, ‘স্থানীয় লোকজন কখনোই মালালাকে গুরুত্ব দেয় না। সে বিখ্যাত হয়েছে কেবল আন্তর্জাতিক গণমাধ্যমের কারণে। তার কারণে স্থানীয় সমাজে কোনো পরিবর্তন আসেনি। কেবল মালালা ও তার পরিবারে পরিবর্তন এসেছে। এএফপি।