মালালার মাথায় সফল অস্ত্রোপচার
পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের মাথায় গতকাল রোববার আবারও অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। মালালা সেরে উঠছে।যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে গতকাল মালালার মাথায় অস্ত্রোপচার করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের বিশেষ দল এই অস্ত্রোপচার করে। অস্ত্রোপচারের পাঁচ ঘণ্টা পর হাসপাতালের একজন মুখপাত্র জানান, মালালার মাথায় অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা সন্তোষ প্রকাশ করেছেন। তার চেতনা ফিরেছে। পরিবারের সদস্য ও হাসপাতালের কর্মীদের সঙ্গে কথাও বলছে সে। তার শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হচ্ছে।গত ১৫ অক্টোবর পাকিস্তানের সোয়াত এলাকায় তালেবানের গুলিতে আহত হয় মালালা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। গত জানুয়ারিতে তাকে সাময়িকভাবে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হয়। পরিবারসহ যুক্তরাজ্যেই অবস্থান করছে সে। বিবিসি।