মালালার মুকুটে আরেকটি পালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার হাতে মালালা ইউসুফজাই
পুরস্কার হাতে মালালা ইউসুফজাই

নিজের পুরস্কারের মুকুটে আরেকটি পালক যোগ করল পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের আলোচিত কর্মী মালালা ইউসুফজাই। তাকে গত শুক্রবার দেওয়া হয়েছে ‘র ইন ওয়ার আনা পোলিতকভস্কায়া’ পুরস্কার।
রাশিয়ার অনুসন্ধানী সাংবাদিক আনা পোলিতকভস্কায়ার নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। সাত বছর আগে তাঁকে গুলি করে হত্যা করা হয়। আগামীকাল সোমবার সেই ঘটনার সাত বছর পূর্তি হচ্ছে। মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারীদের র ইন ওয়ার পুরস্কার দেওয়া হয়। গত বছর ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস-এর সাংবাদিক মেরি কলভিন এ পুরস্কার পান। তিনি সিরীয় সংঘাতের খবর পরিবেশনের দায়িত্ব পালনকালে হত্যাকাণ্ডের শিকার হন।
লন্ডনে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে মালালার হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মালালা বলে, তার প্রত্যাশা, পোলিতকভস্কায়ার মতো সেও নির্ভীক হতে পারবে।
এবারের নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে সবার আগে থাকা ব্যক্তিদের অন্যতম মালালা। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ শাখারভ মানবাধিকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়ও নাম রয়েছে তার। জিয়ো টিভি।