মালিতে আল-কায়েদার সাবেক কমান্ডার নিহত
মালিতে আল-কায়েদার সাবেক কমান্ডার মোক্তার বেলমোক্তার নিহত হয়েছেন। চাদের সেনারা তাঁকে হত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আলজেরিয়ার একটি গ্যাস পাইপলাইনে গত জানুয়ারি মাসে হামলার ঘটনার পরিকল্পনাকারী ছিলেন এই বেলমোক্তার। ওই হামলায় ৩৭ জন বিদেশি নিহত হন।চাদের সামরিক বাহিনী বর্তমানে মালির উত্তরাঞ্চলীয় এলাকায় আল-কায়েদা যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। চাদের রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল প্রচারিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত শনিবার ওই এলাকার ইফোগা পাহাড়ে এক অভিযানের সময় বেলমোক্তারকে হত্যা করা হয়। চাদ ছাড়া অন্য কোনো পক্ষ থেকে তাঁর নিহত হওয়ার খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য ও হাউসের পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান এডওয়ার্ড রয়েস এই মৃত্যুর খবরকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে এই আইনপ্রণেতা বলেন, ‘ওই অঞ্চলজুড়ে জিহাদি কর্মকাণ্ড চালানো জঙ্গিরা, যারা সেখানে আমেরিকার কূটনীতিক ও জ্বালানিকর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তাদের জন্য একটা কঠিন ধাক্কা হবে এটা (বেলমোক্তারের মৃত্যু)।’আলজেরিয়ার নাগরিক ও আফগানিস্তানে লড়াইয়ে অংশ নেওয়া বেলমোক্তার কয়েক সপ্তাহ আগে আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেব (একিউআইএম) থেকে বেরিয়ে গিয়ে সিগনেটরিস ইন ব্লাড নামে একটি গ্রুপ তৈরি করেন। মালিতে একিউআইএমের শীর্ষ কমান্ডার আবদেলহামিদ আবু জাইদকে হত্যা করা হয়েছে বলে গত শুক্রবার চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবাই ঘোষণা দেওয়ার পর বেলমোক্তার নিহত হওয়ার এই খবর এল।এই দুজনের মৃত্যুর খবর সত্যি হলে মালিতে জঙ্গিদের বিরুদ্ধে ফ্রান্সের নেতৃত্বাধীন বাহিনীর চলমান লড়াইয়ে তা হবে বিরাট অগ্রগতি। ফ্রান্স গত জানুয়ারি মাসে হঠাৎ করেই মালিতে সেনা ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দেয়। এএফপি ও বিবিসি।