মালিতে ক্ষমতা দখলের দাবি বিদ্রোহী সেনাদের
পশ্চিম আফ্রিকার দেশ মালির বিদ্রোহী সেনারা গতকাল বৃহস্পতিবার সকালে সে দেশের ক্ষমতা দখল করার কথা ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তারা এ কথা ঘোষণা করে। ঘোষণায় তারা সংবিধান স্থগিত ও সারা দেশে জরুরি অবস্থা জারি করার কথা উল্লেখ করে। বিদ্রোহী এই সেনারা নিজেদের ন্যাশনাল কমিটি ফর দি এস্টাবলিশমেন্ট অব ডেমোক্রেসির সদস্য বলে পরিচয় দেয়। তাদের দাবি, দেশের উত্তরাঞ্চলে তুয়ারেগ নেতৃত্বাধীন বিদ্রোহ দমনে সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে সরকারকে তাই ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। ক্ষমতা দখলের এ ঘোষণা রাষ্ট্রীয় টেলিভিশনে সমপ্রচারের সময় বেশ কয়েকজন সেনাসদস্যকে দেখানো হয়। নিজেকে বিদ্রোহী সেনাদের মুখপাত্র দাবি করে লেফটেন্যান্ট আমাদু কোনার বলেন, জাতিকে রক্ষা করার মতো পর্যাপ্ত সামর্থ্য না থাকায় এ সরকারের কাছ থেকে তাঁরা ক্ষমতা দখল করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়ারও সামর্থ্য সরকারের নেই বলে তিনি দাবি করেন। তবে শিগগির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান। টিভিতে স্বল্প সময়ের জন্য হাজির হয়ে একজন নিজেকে জান্তাপ্রধান দাবি করে ক্যাপ্টেন আমাদু সোনোগো বলে পরিচয় দেন। তিনি সারা দেশে কারফিউ জারি করেন। এর সময় সম্পর্কে তিনি কিছু বলেননি। এর আগে বিদ্রোহী সেনারা প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে এবং পররাষ্ট্রমন্ত্রী সমেলু বউবিয়ে মেইগা ও স্বরাষ্ট্রমন্ত্রী কাফোহোয়ানা কোনেসহ বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করে। নাম প্রকাশ না করার শর্তে এক বিদ্রোহী সেনা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে।’ অন্য একটি নিরপেক্ষ সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট আমাদো তৌমানি তৌরে প্রাসাদ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পশ্চিম আফ্রিকার এ দেশের প্রেসিডেন্ট তৌরে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই তাঁর পদত্যাগের কথা ছিল। এএফপি ও রয়টার্স।