মালিতে জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার আহ্বান
মালির রাজনৈতিক সংকট অবসানে সে দেশে একটি জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পশ্চিম আফ্রিকার নেতারা। গতকাল রোববার এ অঞ্চলের জোট ইকোওয়াসের এক শীর্ষ সম্মেলনে তাঁরা এ আহ্বান জানান। গত মার্চে এক সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে ওই সংকট দেখা দেয়। আঞ্চলিক জোট ইকোয়াসের নেতারা বিদ্রোহীদের দখলে থাকা মালির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সামরিক বাহিনীর হস্তক্ষেপের আবেদন করতেও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। মার্চে অভ্যুত্থানের পর ইসলামপন্থী গোষ্ঠী আনসার দীন ও তুয়ারেগ বিদ্রোহীরা ওই অঞ্চলের দখল নিয়ে নেয়। আর সে সময় থেকে দেশটিতে একটি দুর্বল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে। তবে অভ্যুত্থানের নেপথ্য নায়কেরা এখনো ক্ষমতাবান।এক বিবৃতিতে আফ্রিকার নেতারা মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাইয়োনকুন্ডা ত্রাউরের প্রতি আহ্বান জানান, তিনি যেন দেশের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় ইকোয়াস বাহিনী মোতায়েনের অনুমতি দিতে ইকোয়াস ও জাতিসংঘকে অনুরোধ করেন। শীর্ষ সম্মেলন থেকে নেতারা মালির বিদ্রোহীদের যুদ্ধাপরাধের অভিযোগ বিষয়ে তদন্ত শুরু করতেও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছেন। মালির প্রতিবেশী দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে অনুষ্ঠানরত এ সম্মেলনে ছয়টি আঞ্চলিক দেশের প্রধানেরা অংশ নিচ্ছেন। বিবিসি।