মালিতে প্রখ্যাত সুফির মাজার ধ্বংস
মালির উত্তরাঞ্চলীয় টিমবাকটু শহরে গতকাল শনিবার কট্টরপন্থী মুসলিম যোদ্ধারা একজন সুফি সাধকের মাজার গুঁড়িয়ে দিয়েছেন।একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘কট্টরপন্থী ইসলামি গোষ্ঠী আনসার দাইনের সশস্ত্র যোদ্ধারা সুফি সিদি মাহমুদের মাজার গুঁড়িয়ে দিয়েছেন।’ এ মাজারটিকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের বিলুপ্তপ্রায় অংশ হিসেবে তালিকাভুক্ত করেছিল। গত মার্চে এক অভ্যুত্থানে মালির সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর আনসার দাইন ও আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেবসহ কয়েকটি গোষ্ঠী মালির উত্তরাঞ্চলীয় বিশাল মরুভূমি নিজেদের দখলে নেয়।স্থানীয় এক সাংবাদিক জানান, ‘পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক সিদি মাহমুদের মাজার ভাঙার পর যোদ্ধারা এখন আরেক সুফি সাধক সিদি মোক্তারের মাজার ধ্বংসের জন্য অগ্রসর হচ্ছেন।’ইউনেসকোর ওয়েবসাইটের তথ্য অনুসারে, একসময়ের ইসলামিক শিক্ষার সূতিকাগার ও বিশ্ব ঐতিহ্যের অংশ টিমবাকটু শহরে বেশ কিছু ঐতিহাসিক মসজিদ ছাড়াও ১৬টি কবরস্থান রয়েছে। এএফপি।