মালিতে বিদ্রোহী যোদ্ধা সরকারি বাহিনী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিতে গত বুধবার তুয়ারেগ বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ হয়েছে। গত জুনে অস্ত্রবিরতি চুক্তির পর দুই পক্ষে এই প্রথম গোলাগুলির ঘটনা ঘটল। এতে করে অস্ত্রবিরতি হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির এক সেনা কর্মকর্তা। মালির পশ্চিমাঞ্চলে মৌরিতানিয়া সীমান্তবর্তী লেরে শহরে বুধবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন তিন সেনাসদস্য। এই সংঘর্ষের জন্য উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগ করেছে। বিদ্রোহীদের এক মুখপাত্র বিবিসিকে বলেন, অস্ত্রবিরতি চুক্তি অনুযায়ী যে এলাকা তাদের অধীনে থাকার কথা, তারা সেখানেই অবস্থান করছে। কিন্তু সরকারি বাহিনী তাদের অবস্থানের ওপর গোলাবর্ষণ করেছে। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্রোহীরা তাদের একটি টহল দলকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। তারাই প্রথম গুলি ছোড়ে। মুখপাত্র ক্যাপ্টেন মোদিবো নামান ত্রাওরে বলেন, সেনাবাহিনীর টহল দলটি অস্ত্রধারীদের একটি গাড়ির গতিরোধের চেষ্টা করে। কিন্তু অস্ত্রধারীরা সেনাবাহিনীর নির্দেশ অমান্য করে গুলি ছোড়ে। ওই মুখপাত্র বলেন, এমনটা হলে পুরো অস্ত্রবিরতি চুক্তিই হুমকির মুখে পড়তে পারে। এটা খুব সাংঘাতিক ব্যাপার হবে। বিবিসি।