মালির অভিযানে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিতে সমন্বিত সামরিক অভিযানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট (ইসিওডব্লিউএএস) নেতারা। গতকাল শনিবার আইভরি কোস্টের রাজধানী আবিদজানে এক জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। মালিতে ইসলামপন্থী বিদ্রোহীদের দমনে মালি ও ফরাসি সেনাদের সহায়তায় আফ্রিকান জোটের সেনা মোতায়েনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আবিদজানের ওই বৈঠকে পশ্চিম আফ্রিকার দেশগুলোর নেতাদের পাশাপাশি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিউ অংশ নেন।বৈঠকে লঁরা ফাবিউ বলেন, ‘আমাদের বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে, যত দ্রুত সম্ভব মালির নিয়ন্ত্রণ নেওয়া। অন্যথায় মালির অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না।’ ফ্রান্স বলেছে, এ পর্যন্ত তারা মালিতে দুই হাজার থেকে দুই হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে। তাদের আশঙ্কা, ইসলামপন্থী বিদ্রোহীরা মালির বিস্তৃত উত্তরাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। আর এটা হলে বিদ্রোহীরা ওই অঞ্চলসহ গোটা বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এএফপি ও বিবিসি।