মালির উত্তরাঞ্চলে সেনা অভিযান জোরদার
মালিতে সেনা অভিযান জোরদার করেছে ফ্রান্সের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। তারা এখন উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ তিমবুকতু শহরের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে শনিবার ওই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ শহর গাও দখল করে নেয় তারা।যৌথ বাহিনী উত্তরাঞ্চলীয় কিদাল শহরে ইসলামি জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে আল-কায়েদাসংশ্লিষ্ট একটি জঙ্গিগোষ্ঠীর প্রধানের বাড়ি ধ্বংস হয়ে গেছে।মালির একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, রাজধানী থেকে দেড় হাজার কিলোমিটার উত্তরে কিদাল শহরে ইসলামি জঙ্গিদের আস্তানায় বিমান হামলা চালানো হলে জঙ্গি সংগঠন আনসার দিনের প্রধান আয়াদ আগ ঘালির বাড়ি ধ্বংস হয়ে যায়। গত বছর ওই শহর দখলে নিয়েছিল জঙ্গিরা।ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ-মার্ক এরো গত শনিবার ঘোষণা দেন, মালি ও ফরাসি সেনারা শিগগিরই তিমবুকতু শহরে পৌঁছাবে। ইতিমধ্যে তারা গাও শহর দখলে নিয়েছে। এর আগে দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ সেতু ও বিমানবন্দর দখলে নেয়।এদিকে, আফ্রিকান ইউনিয়নের নেতারা মালিতে আরও সেনা পাঠানো নিয়ে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বৈঠকে বসেছেন। তাঁরা মালিতে আরও সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করেন। আফ্রিকার বিভিন্ন দেশ প্রায় পাঁচ হাজার ৭০০ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। জঙ্গি দমনে মালি ও ফরাসি বাহিনীকে সহায়তা করতে ইতিমধ্যে দুই হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে চাদ।যুক্তরাষ্ট্র বলেছে, ফরাসি যুদ্ধবিমানগুলোতে মধ্য আকাশে জ্বালানি সরবরাহ করবে তারা। এ ছাড়া চাদ ও টোগোর মতো দেশগুলো থেকে মালিতে সেনা পরিবহনে সাহায্য করার কথাও চিন্তাভাবনা করছে পেন্টাগন। বিবিসি।