মালির উত্তরে তুয়ারেগ বিদ্রোহীদের স্বাধীনতা ঘোষণা
মালির তুয়ারেগ বিদ্রোহীরা আজাওয়াদ নামে পরিচিত দেশটির উত্তরাঞ্চলে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে তারা এই স্বাধীনতার ঘোষণা দেয়। গত মাসে অঞ্চলটি তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদ (এমএনএলএ) বিবৃতিতে বলেছে, তারা অন্যান্য রাষ্ট্রের সীমানার প্রতি সম্মান দেখাবে ও জাতিসংঘ সনদ মেনে চলবে। উত্তরাঞ্চলের স্বাধীনতার জন্য লড়াইরত দুটি বিদ্রোহী গোষ্ঠীর একটি এমএনএলএ। সমপ্রতি সেনা অভ্যুত্থানে দেশটির সরকার উৎখাত হওয়ার পর তারা সেখানে সাফল্য পায়। বিদ্রোহীদের তৎপরতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগে সেনাবাহিনী ওই অভ্যুত্থান ঘটায়। বিদ্রোহের জের ধরে দেশটি এক বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে বলে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে দেওয়ার পর বিদ্রোহীরা এ স্বাধীনতার ঘোষণা দিল। উত্তরাঞ্চলীয় গাও, কিদাল ও ঐতিহাসিক শহর টিম্বাকটুতে কয়েক দিন ধরে ব্যাপক লুটপাট, অপহরণ ও বিশৃঙ্খলা চলার পর সংগঠনটি দেশটিতে অবিলম্বে ত্রাণ সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানায়। মালিতে লড়াই বন্ধে নিরাপত্তা পরিষদের আহ্বান ও উত্তরাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করার পর গত বৃহস্পতিবার এমএনএলএ বিদ্রোহীরা ‘একতরফা’ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এমএনএলএর মহাসচিব বিল্লাল আগ আচেরিফের জারি করা গতকালের ওই বিবৃতিতে বিদ্রোহীদের স্বাধীনতার ঘোষণার প্রতি আন্তর্জাতিক সমপ্রদায়ের সমর্থনও চাওয়া হয়েছে। বিবৃতিতে আচেরিফ বলেন, ‘স্বাধীন রাষ্ট্র আজাওয়াদে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এমএনএলএর নির্বাহী কমিটি আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি শিগগিরই স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানাচ্ছে।’ বিদ্রোহীদের মুখপাত্র মুসা আগ আত্তাহার বলেন, ‘এই ভূখণ্ডের নিরাপত্তায় প্রয়োজনীয় সব দায়দায়িত্ব আমরা পুরোপুরি গ্রহণ করছি। আমরা স্বাধীনতার খুবই গুরুত্বপূর্ণ লড়াই শেষ করেছি...এখন কঠিন কাজগুলো শুরু করতে হবে।’এদিকে আফ্রিকান ইউনিয়ন গতকালই তুয়ারেগ বিদ্রোহীদের স্বাধীনতার ঘোষণা প্রত্যাখ্যান করেছে। মালির সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সও তা নাকচ করে দিয়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলের টিম্বাকটু শহর নিয়ন্ত্রণকারী একটি গ্রুপের সামরিক শাখার প্রধান ওমর হামাহা ঘোষণার বিরোধিতা করে বলেছেন, তাঁরা স্বাধীনতার জন্য নয়, ইসলামি শাসনের জন্য লড়াই করছেন। বিদ্রোহী গোষ্ঠী এমএনএলএ গত বছর প্রতিষ্ঠিত হয়। এদের মধ্যে লিবিয়াফেরত তুয়ারেগ সমপ্রদায়ের অস্ত্রসুসজ্জিত যোদ্ধারাও রয়েছে। লিবিয়ায় তারা দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পক্ষে লড়াই করে। মালির বিদ্রোহীদের মধ্যে আনসার দিন গোষ্ঠীর সদস্যদের ব্যাপারে জাতিসংঘ ইতিমধ্যে সতর্কতা উচ্চারণ করেছে। এই গোষ্ঠীর সঙ্গে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার যোগাযোগ রয়েছে। গোষ্ঠীটি পশ্চিম আফ্রিকার দেশ মালিজুড়ে ইসলামিক আইন তথা শরিয়া আইন প্রবর্তনের পক্ষে। তবে এমএনএলএর মতো তারা স্বাধীন উত্তরাঞ্চলের সমর্থক নয়। এএফপি, রয়টার্স।