মালির জঙ্গিদের মুক্তিপণ দিয়েছে ফ্রান্স ও জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির জঙ্গিদের মুক্তিপণ দিয়ে তাদের কাছ থেকে জিম্মি মুক্ত করেছিল ফ্রান্স। শুধু ফ্রান্স নয়, জার্মানিসহ ইউরোপের আরও কয়েকটি দেশ একই কাজ করেছে। এ কারণেই ওই জঙ্গিরা এত শক্তিশালী হয়েছে। এখন তারা মালি ও ফ্রান্সের যৌথ বাহিনীর সঙ্গে যুদ্ধ করার মতো সামর্থ্য অর্জন করেছে। মালিতে নিযুক্ত মার্কিন সাবেক রাষ্ট্রদূত ভিকি হাডলস্টোন এসব কথা জানান।হাডলস্টোন বলেন, ২০১০ সালে নাইজারের ইউরেনিয়াম খনি থেকে জিম্মিদের মুক্ত করতে মালির জঙ্গিদের হাতে এক কোটি ৭০ লাখ ডলার তুলে দেয় ফ্রান্স। এ ছাড়া জার্মানিসহ ইউরোপের অন্য কয়েকটি দেশ ওই জঙ্গিদের নয় কোটি ডলার দিয়েছে। ওই দেশগুলোও জিম্মিদের মুক্ত করতেই ওই অর্থ দেয়।তবে ফ্রান্স জিম্মি মুক্ত করতে মালির জঙ্গিদের কোনো অর্থ দেওয়ার কথা অস্বীকার করে। দুই সপ্তাহ আগে মালির সরকারের আহ্বানে দেশটিতে সেনা পাঠায় ফ্রান্স। ফ্রান্স ও মালির যৌথ বাহিনীর অভিযানে জঙ্গিদের দখলে থাকা মালির উত্তরাঞ্চল মুক্ত হয়।হাডলস্টোন বলেন, ইউরোপের প্রতিটি দেশই মুক্তিপণ দেওয়ার কথা অস্বীকার করে। কিন্তু এসব দেশ মালির সরকারের বিভিন্ন মাধ্যমে জঙ্গিদের মুক্তিপণের অর্থ দিয়েছে। তিনি বলেন, ‘আমি যখন মালিতে ছিলাম, তখন প্রকৃত অবস্থা জেনেছি। মালির গাও অঞ্চলের একজন গভর্নরকে চিনতাম। তিনিই মালির ওই জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের (একিউআইএম) সঙ্গে ইউরোপীয় দেশগুলোর মুক্তিপণ হস্তান্তরের মধ্যস্থতাকারী ছিলেন।’ বিবিসি।