মালির টিম্বাকটু শহর ঘিরে ফেলার দাবি বিদ্রোহীদের
মালির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তুয়ারেগ দাবি করেছে, তারা দেশটির উত্তরাঞ্চলীয় ঐতিহাসিক শহর টিম্বাকটু ঘিরে ফেলেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরটির উপকণ্ঠে তারা গুলিবর্ষণের শব্দ শুনেছে। এগুলো সেনাদের সতর্কতামূলক গুলি ছোড়ার শব্দ হতে পারে বলে তাদের ধারণা।বিদ্রোহীরা তাদের ওয়েবসাইটে বলেছে, তারা শহরটি থেকে রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামরিক বাহিনীর সদস্যদের হটাতে চায়। সমপ্রতি তাদের হাতে আরও দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল কিদাল ও গাওয়ের পতন হয়।টিম্বাকটুর প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরটির ঠিক বাইরে মালি সেনাদের কিছু সতর্কতামূলক গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। তবে আসলে লড়াই শুরু হয়েছে কি না, বোঝা যাচ্ছে না।বিদ্রোহী ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদ (এমএনএলএ) এক বিবৃতিতে বলেছে, তারা শনিবার গাও শহরটি ‘স্বাধীন’ করেছে। টিম্বাকটু উত্তরাঞ্চলের একমাত্র গুরুত্বপূর্ণ শহর, যা এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মালিতে সেনা অভ্যুত্থানের পর এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সরকার বিদ্রোহীদের দমনে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগে সেনাবাহিনী ওই অভ্যুত্থান ঘটায়। তুয়ারেগ গোষ্ঠী নিজেদের প্রতি সরকারের অবহেলার অভিযোগ এনে কয়েক বছর ধরে বিদ্রোহী তৎপরতা চালাচ্ছে। বিবিসি।