মালির বিদ্রোহীদের সঙ্গে সংলাপে রাজি সরকার
মালির বিদ্রোহীদের শেষ ঘাঁটি বলে বিবেচিত উত্তরাঞ্চলীয় কিদাল শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর সরকার ও উত্তরাঞ্চলীয় জনগণের ‘বৈধ প্রতিনিধিদের’ মধ্যে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে ফ্রান্স। জবাবে মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেছেন, স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত তুয়ারেগ এমএনএলএ বিদ্রোহীদের সঙ্গে সংলাপে বসতে তিনি প্রস্তুত। তবে আল-কায়েদাসংশ্লিষ্ট ইসলামি জঙ্গিদের সঙ্গে সংলাপে বসতে রাজি নন তিনি।শান্তি আলোচনার আহ্বান জানিয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ লালিয়াত গত বুধবার বলেন, বর্তমান রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে বাস্তবসম্মতভাবে অগ্রসর হতে হবে। মালির অখণ্ডতায় বিশ্বাসী, সন্ত্রাসী নয়—এমন সশস্ত্র গোষ্ঠী ও উত্তরাঞ্চলীয় মানুষের বৈধ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে হবে।যুক্তরাষ্ট্র সরকারও তুয়ারেগ বিদ্রোহী কিংবা সংখ্যালঘু আদিবাসীদের ওপর কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে মালি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দিওনকাউন্দা তারোর গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আমরা আজ শুধু যাদের সঙ্গে আলোচনায় বসার কথা ভাবছি, তারা হলো এমএনএলএ। তবে শর্ত একটাই—তাদের পৃথক ভূখণ্ডের দাবি পরিত্যাগ করতে হবে।’তুয়ারেগ বিদ্রোহীরা গত বছর দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহ শুরু করে। কিন্তু রাজধানী বামাকোতে সামরিক অভ্যুত্থানের পর ওই অঞ্চলের দুই-তৃতীয়াংশ এলাকা ইসলামি জঙ্গিরা দখল করে নেয়। রয়টার্স।