মালির বিষয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালির উত্তরাঞ্চলে ইসলামি উগ্রপন্থীদের দমন করার জন্য সামরিক হস্তক্ষেপের পথ সুগম করতে একটি প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। প্রস্তাবে আফ্রিকার বিভিন্ন সংস্থাকে আগামী ৪৫ দিনের মধ্যে একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করার অনুরোধ জানানো হয়। পরিকল্পনা প্রণয়ন ছাড়া মালিতে কোনো সামরিক অভিযানের অনুমোদন দেবে না নিরাপত্তা পরিষদ। ফ্রান্স এই প্রস্তাবের খসড়া তৈরি করেছে। খসড়ায় মালির কর্তৃপক্ষকে বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে সমঝোতার লক্ষ্যে আলোচনার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী ইসলামিক মাগরেব (একিউআইএম) এবং অন্যান্য সংগঠনে আল-কায়েদা জঙ্গিদের অনুপ্রবেশ ঘটছে বলে প্রস্তাবে সতর্ক করে দেওয়া হয়।মালির প্রেসিডেন্ট গত মার্চে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামপন্থী বিভিন্ন সংগঠন ও তুয়ারেগ বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ওই এলাকা পুনরুদ্ধারে আন্তর্জাতিক বাহিনীর সহায়তা চেয়েছে মালি সরকার এবং পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট (ইসিওডব্লিউএএস)। এ ব্যাপারে মালির রাজধানী বামাকোতে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আগামী সপ্তাহে আফ্রিকান ইউনিয়ন (এইউ) এবং ইসিওডব্লিউএএসের প্রতিনিধিদের একটি বৈঠক হবে। মালিতে যেকোনো ধরনের সামরিক অভিযানের জন্য আরও একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের বৈঠকে অনুমোদন করতে হবে। বিবিসি।