মালির সদস্যপদ স্থগিত করেছে ইসিওডব্লিউএএস
মালিতে গত সপ্তাহের সামরিক অভ্যুত্থানের পর পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংস্থা ইসিওডব্লিউএএস থেকে মালির সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদ্রোহী নেতাদের চাপ দিতে সংস্থার একটি প্রতিনিধিদল মালি যাবে। আইভরি কোস্টের আবিদজানে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।এদিকে সামরিক জান্তা সরকারের সমর্থনে মালিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। এ সময় তাদের হাতে ‘প্রেসিডেন্ট আমাদো তৌমানি তৌরের পতন হোক’, ‘ফ্রান্সের পতন হোক’—লেখাসহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ছিল। তারা অভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতা ক্যাপ্টেন আমাদো সানোগোর সমর্থনে স্লোগান দেয়।আইভরি কোস্টের প্রেসিডেন্ট ও ইসিওডব্লিউএএসের চেয়ারম্যান অ্যালাসেন কোয়াতারা বলেন, ‘মালির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এখনই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। চলমান অবস্থা আলোচনার জন্য সহায়ক নয়।’অন্যদিকে আফ্রিকান ইউনিয়ন মালির অভ্যুত্থানকে ‘খুব হতাশাজনক’ বলে উল্লেখ করেছে। বিশ্বজুড়েও এ ঘটনার নিন্দা জানানো হয়েছে।ইসিওডব্লিউএএস মালির সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর মালিতে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট টেলিভিশনে ঘোষণা করেন, অন্তর্বর্তী সময়ের জন্য নতুন একটি সংবিধান কার্যকর করা হবে। বিবিসি, এএফপি।