পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অভ্যুত্থানকারী সামরিক জান্তা ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াসের সঙ্গে একটি চুক্তির পরিপ্রেক্ষিতে ক্ষমতা ছাড়তে রাজি হয় তারা। তবে ক্ষমতা হস্তান্তরের তারিখ জানানো হয়নি। গত শুক্রবার রাতে এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। চুক্তির আওতায় ইকোয়াস মালির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণা করবে।এই চুক্তিতে বলা হয়, একজন অন্তর্বর্তী নেতার অধীনে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তিনি তুয়ারেগ ও ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা উত্তরাঞ্চল সমস্যা নিরসনে উদ্যোগ নেবেন।গত শুক্রবার তুয়ারেগ বিদ্রোহীরা উত্তরাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় স্বাধীনতা ঘোষণা করে। তারা ওই অঞ্চলের নাম দিয়েছে আজাওয়াদ। একই সঙ্গে ন্যাশনাল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আজাওয়াদকে (এমএনএলএ) ‘নতুন দেশের’ কর্তৃপক্ষ বলে দাবি করেছে। সরকার বিদ্রোহীদের প্রতি নমনীয় বলে অভিযোগ করে গত মাসে সেনা অভ্যুত্থান ঘটানো হয়। এরপর বিদ্রোহীরা উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা দখল করে নেয়—যা পশ্চিম আফ্রিকার এই দেশটিকে রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে।যুক্তরাষ্ট্র, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ এমএনএলএর স্বাধীনতার ঘোষণা প্রত্যাখ্যান করেছে। এখন দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে আর দক্ষিণাঞ্চল রয়েছে অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণে।চুক্তির বিষয়টি নিশ্চিত করে ইকোয়াসের প্রধান ও আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওয়াতেরা বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ মালির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ইকোয়াস ও মালির অভ্যুত্থানকারীদের মধ্যে মধ্যস্থতাকারী বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী ডিজিবরিল বাসোলে জানান, মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আমাডু টৌমানি যেখানে ইচ্ছে থাকতে পারবেন। তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তাও দেওয়া হবে। গত ২২ মার্চ অভ্যুত্থানের পর থেকে আমাডু টৌমানিকে জনসমক্ষে দেখা যায়নি।পাঁচ পৃষ্ঠার চুক্তিতে বলা হয়, অভ্যুত্থানকারীরা সংসদের স্পিকার ডিওয়ানকাউনডা ট্রাউরের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ট্রাউরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ৪০ দিনের মধ্যে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করবেন।ইকোয়াসের সঙ্গে চুক্তিতে অভ্যুত্থানকারীদের নেতা ক্যাপ্টেন আমাডু নিজেই স্বাক্ষর করেন। তিনি বলেন, পুরো দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। ইকোয়াসের পক্ষে চুক্তিতে সই করেন বুরকিনা ফাসোর পররাষ্ট্রমন্ত্রী বাসোলে। বিবিসি, এএফপি।