মালির সেনাবাহিনীর ‘নৃশংসতায়’ উদ্বিগ্ন জাতিসংঘের দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের গণহত্যাবিরোধী দূত আদামা দিয়েং বলেছেন, মালির উত্তরাঞ্চলের দখল নেওয়ার লড়াইয়ে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে যে নৃশংসতার অভিযোগ উঠেছে, তাতে তিনি ‘গভীর উদ্বিগ্ন’। এই নৃশংসতা ‘জঘন্য অপরাধের’ শামিল। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।ফ্রান্সের সহায়তা নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে মালি। এরই মধ্যে জঙ্গিদের কাছ থেকে দেশটির উত্তরাঞ্চলের দখল নিতে সক্ষম হয়েছে মালির সরকার। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল মালি সফরে যান। সেখানে সরকারের শীর্ষ নেতারা তাঁকে স্বাগত জানান। ওলাঁদ উদ্ভুত পরিস্থিতি নিয়ে মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডিওনকান্ডা ট্রাওরের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ওলাঁদ মালির সেনাবাহিনীকে জঙ্গিবিরোধীঅভিযানে সর্বাত্মক সহায়তা দেওয়ার কথা ব্যক্ত করেন।জাতিসংঘের দূত আদামা দিয়েং বলেন, মালির যেসব এলাকায় লড়াই হয়েছে, সেসব এলাকায় ব্যাপক গণহত্যা ও গুমের অভিযোগ উঠেছে মালির সেনাবাহিনীর বিরুদ্ধে। এসব এলাকায় জাতিগত আরব ও তুয়ারেগ সম্প্রদায়ের ওপর ব্যাপক নৃশংসতা ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। আদামা দিয়েং বলেন, ‘মালির সেনাবাহিনী জঙ্গিদের কাছ থেকে উত্তরাঞ্চলের দখল নিলে ওই এলাকার জনমনে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু আরব ও তুয়ারেগদের বিরুদ্ধে যে নৃশংসতা চালানোর অভিযোগ উঠেছে, তাতে আমি গভীর উদ্বিগ্ন।’ দিয়েং বলেন, ‘জাতি বা বর্ণ বিবেচনা না করে প্রতিটি জনগণকে রক্ষা করা মালির সেনাবাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে।’ মালির সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।আইসিসির প্রধান কৌঁসুলি ফাতুউ বেনসৌডা চলতি সপ্তাহের শুরুর দিকে জানান, মালির সেনাবাহিনীর নৃশংসতার বিরুদ্ধে তদন্ত করবে আইসিসি। ফাতুউ বেনসৌডা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আন্তর্জাতিকভাবেই দোষীদের বিচারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবিসি।