মালিয়াকে নিয়ে বাবা ওবামার দুশ্চিন্তা
শৈশবের গণ্ডি পেরিয়ে বেড়ে ওঠা মেয়েকে নিয়ে অন্য আর দশজন বাবার মতো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও উদ্বিগ্ন। দুই মেয়ের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে তাঁকেও মাঝেমধ্যে ঈশ্বরের কৃপা কামনা করতে হয়। সম্প্রতি তিনি এ নিয়ে এক ভরা মজলিসে রসিকতাও করেছেন। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হলো এবারের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। প্রতিবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫৩ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বিদেশি অতিথিদের অংশগ্রহণে এ প্রার্থনা এবং ভোজ উৎসব হয়ে আসছে। উৎসবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনার রেওয়াজের মধ্যেই কিছুটা রসিকতা করলেন ওবামা। এ রসিকতা তাঁর স্ত্রী মিশেল ওবামা ও বড় মেয়ে মালিয়াকে নিয়ে।ওবামা বলেন, ‘অন্য সবার মতো আমার বিশ্বাসেও মাঝেমধ্যে চিড় দেখা দেয়। ভেতরের বিশ্বাসটা সব সময় সঠিকভাবে কাজে লাগে না। ঈশ্বরকে ধন্যবাদ যে মিশেল আমাকে চিরসঙ্গী করে নিয়েছে।’ তিনি বলেন, ‘কোনো ব্যর্থতা কিংবা হতাশা দেখা দিলে মিশেলের কাছে জানতে চাই যে ঈশ্বর আমার জন্য আর কী বাকি রেখেছেন।’ তখন মিশেল বলেন, ‘আমাদের একান্ত ইচ্ছাগুলোর সঙ্গে হয়তো ঈশ্বরের পরিকল্পনার মিল নেই।’ ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার দুটি বছর কেটে গেছে। আমার ওপর আস্থা রয়েছে আমার পরিবারের।’এর পরই আসেন মেয়ে মালিয়া প্রসঙ্গে। ওবামা বলেন, ‘সারা দেশ ঘুরে বেড়ানোর সময় লোকজন প্রায়ই আমার কাছে জানতে চায় যে আমি কোনো প্রার্থনা করি কি না? আমি বলি, অন্য সবার মতো আমার প্রার্থনাও সাধারণ। প্রেসিডেন্ট হিসেবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি যেন ঈশ্বর আমায় দেন।’ তিনি আরও বলেন, ‘তবে মাঝেমধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে প্রার্থনা করি। এই যেমন, মালিয়ার প্রথম নাচের প্রশিক্ষণের কথাই ধরা যাক। সেখানে তো ছেলেরাও থাকবে। তাই মালিয়া যখন নাচে অংশ নেবে, তখন যেন তার স্কার্টটা লম্বা হয়, সে প্রার্থনাও করি।’ টাইমস অব ইন্ডিয়া।