মালেমার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রত্যাহারের আবেদন প্রত্যাখ্যান
দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) যুব শাখা ইয়ুথ লিগের নেতা জুলিয়াস মালেমার বিরুদ্ধে অভিযোগের শুনানি ১১ সেপ্টেম্বর আবার শুরু হবে। গতকাল শনিবার এএনসি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।এর আগে গত শুক্রবার এএনসির শৃঙ্খলাবিষয়ক কমিটি মালেমার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার আবেদন প্রত্যাখ্যান করে। জুলিয়াস মালেমার বিরুদ্ধে দলে বিভেদ সৃষ্টি ও প্রতিবেশী বতসোয়ানার সরকার পরিবর্তনের ডাক দেওয়ার মাধ্যমে দুর্নাম বয়ে আনার অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার একসময়কার ঘনিষ্ঠ সহযোগী জুলিয়াস মালেমা তাঁর কঠোর সমালোচকে পরিণত হয়েছেন। মালেমার বিরুদ্ধে এ অভিযোগের বিষয়টিকে দলে জ্যাকব জুমার নেতৃত্বের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।মালেমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। কারণ প্রেসিডেন্টের সমালোচনা করায় তিনি ইতিমধ্যেই ‘মওকুফ শাস্তির’ আওতায় ছিলেন। ইয়ুথ লিগের আরও পাঁচ নেতার বিরুদ্ধে মালেমার মতো একই অভিযোগ আনা হয়েছে। এএফপি ও বিবিসি।