মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ-৩৭০ নিখোঁজ হওয়ার ঘটনাটি এখনো নানা অনিশ্চয়তার আবরণে আচ্ছাদিত। বিষয়টি নিয়ে নানা পক্ষ থেকে নানা তত্ত্ব দেওয়া হচ্ছে। এর আগে বিংশ শতাব্দীতে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়েও এমনটি ঘটেছিল। একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত এই রহস্য নিয়ে মালয়েশিয়াকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মালয়েশিয়া কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে তথ্য গোপন করার চেষ্টা করছে কি না।
৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর থেকে এ পর্যন্ত তথ্য-উপাত্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে মালয়েশিয়া অত্যন্ত অদক্ষতার পরিচয় দিয়েছে, এ কথা সত্য। তবে মালয়েশিয়া এয়ারলাইনস বা দেশটির সরকার ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন রেখেছে বা রাখার চেষ্টা করেছে, এমন ধারণা প্রতিষ্ঠিত করার মতো কিছু এখনো দৃশ্যমান হয়নি। তারা উড়োজাহাজের আরোহীদের স্বজনদের সঙ্গে খোলামেলাভাবে যোগাযোগ রাখার ওপর যেমন গুরুত্বারোপ করেছে, তেমনি কোনো তথ্য প্রকাশ করার আগে সেই তথ্যের সত্যতা যাচাই করে দেখারও চেষ্টা চালিয়েছে।
তল্লাশি অভিযান শেষ হওয়ার পর মালয়েশিয়াকে যে গুরুত্বপূর্ণ অভিযোগের উত্তর অবশ্যই দিতে হবে তা হলো, উড়োজাহাজটির শেষ কয়েক ঘণ্টার ব্যাপারে ইনমারস্যাট যে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত দিয়েছিল, তার ভিত্তিতে দেশটি ত্বরিত ব্যবস্থা নেয়নি কেন? লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি চীনের বেইজিংগামী উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার তিন দিন পর তদন্তকারীদের গুরুত্বপূর্ণ তথ্য দিলেও মালয়েশিয়া দক্ষিণ চীন সাগরে নিষ্ফল তল্লাশি অভিযান বাতিল করার আগে আরও চার দিন হেলায় নষ্ট করেছে। এতে করে স্বজনদের বর্ণনাতীত মানসিক যন্ত্রণা আরও দীর্ঘায়িত হয়েছে মাত্র।
এদিকে নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান মেলাতে কত দিন এই তল্লাশি অভিযান চালিয়ে নেওয়া যাবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এখনো বিভিন্ন দেশ এই তৎপরতায় সহায়তা করলেও ভারত মহাসাগরের যে এলাকায় উড়োজাহাজটি তলিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো আসলেই কঠিন কাজ। এলাকাটি সমুদ্রসৈকত থেকে অনেক দূরে অবস্থিত এবং সেখানে সাগরের অবস্থা অনেক কঠিন। সব মিলিয়ে এটি অনেক ব্যয়বহুল কাজ। আরোহীদের ভাগ্যে আসলে কী ঘটেছে, তা তাঁদের স্বজনদের কাছে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, ওই ঘটনা থেকে বিমান পরিচালনা শিল্পকে শিক্ষা নেওয়া। কী ঘটেছে, তা যদি অজানাই থেকে যায়, তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিমান পরিচালনা শিল্প কোনো শিক্ষা নেওয়ার সুযোগ পাবে না। দি ইনডিপেনডেন্ট।