মালয়েশিয়ার উড়োজাহাজটি একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ মালয়েশিয়ার উড়োজাহাজটির (বোয়িং ৭৭৭-২০০) একটি ডানার প্রান্ত ২০১২ সালে ভেঙে গিয়েছিল। তবে সেটি পুরোপুরি ঠিক করেই আবার ওড়ানোর জন্য নিরাপদ বলে ছাড়পত্র দেওয়া হয়। মালয়েশিয়ান এয়ারলাইনস গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।
বর্তমানে নিখোঁজ উড়োজাহাজটির সেই সামান্য ক্ষতি হয়েছিল সাংহাইয়ের পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে। তখন সেটির সঙ্গে আরেকটি উড়োজাহাজের হালকা ধাক্কা লেগেছিল। মালয়েশিয়ান এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ জহারি ইয়াহইয়া বলেন, ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির ডানার সামান্য অংশ, সম্ভবত প্রায় এক মিটার, ভেঙে গিয়েছিল। বোয়িং কর্তৃপক্ষই এটি ঠিকঠাক করে আবার ওড়ানোর ছাড়পত্র দেয়। একাধিক কর্তৃপক্ষ তা অনুমোদনও করে।
শুক্রবার রাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উড়োজাহাজটি নিখোঁজ হয়। এটির পরিণতি নিয়ে নানা ধরনের অনুমান ও আশঙ্কা করা হচ্ছে। মালয়েশিয়া ও ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের মাঝামাঝি কোথাও সাগরে ওই উড়োজাহাজের সর্বশেষ অবস্থান রেকর্ড করা হয়। এ পর্যন্ত এটির কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি।
ইউরোপীয় চোরাই পাসপোর্ট নিয়ে নিখোঁজ ওই বিমানের যাত্রী হয়েছিলেন দুই ব্যক্তি। এ কারণে উড়োজাহাজটি সন্ত্রাসীদের কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।