মালয়েশিয়ার বিমান নিয়ে সবই ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা উপগ্রহের তোলা ছবিগুলোর একটি
চীনা উপগ্রহের তোলা ছবিগুলোর একটি

প্রথমে চীন সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা দাবি করল, মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির সন্ধানে নিয়োজিত চীনের একটি উপগ্রহ সাগরে ‘সন্দেহজনক ধ্বংসাবশেষ’ শনাক্ত করেছে। এর কিছুক্ষণ পর মালয়েশিয়ায় নিযুক্ত চীনের দূতাবাস জানায়, ছবিটি ভুল করে প্রকাশ করা হয়েছে। আরও কিছুক্ষণ পর মালয়েশিয়ার পরিবহনমন্ত্রীও বললেন, ভুল করে ছবিটি প্রকাশ করা হয়েছে। শুধু তা-ই নয়, ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও চার ঘণ্টা আকাশে উড়েছিল। মালয়েশিয়ার মন্ত্রী বললেন, এ তথ্যও সঠিক নয়। অর্থাত্ ভুল। নিখোঁজ বিমানটির সন্ধান নিয়ে এমনই ‘ভুলভ্রান্তি’ আর পাল্টাপাল্টি বক্তব্য চলছে।

বিবিসির অনলাইনের খবরে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের দেশটির যোগাযোগমন্ত্রী হিশাম উদ্দিন জানান, মালয়েশিয়ায় অবস্থিত চীনের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে ছবিটি ভুল করে প্রকাশিত হয়েছে। ওই ছবিতে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের কোনো চিত্র নেই।

এ ছাড়া বিমানটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের পরও চার ঘণ্টা আকাশে ছিল—যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এমন খবরও নাকচ করে দিয়েছেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী।

যোগাযোগমন্ত্রী হিশাম উদ্দিন জানান, বর্তমানে ৪৩টি জাহাজ ও ৪০টি বিমান দক্ষিণ চীন সাগর ও মালাক্কা প্রণালিতে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান চালাচ্ছে।

গত বুধবার চীনের অ্যাডমিনিস্ট্রেশন অব সায়েন্স উপগ্রহের তোলা একটি ছবি প্রকাশ করে। ওই ছবিতে দক্ষিণ চীন সাগরের একটি এলাকায় কিছু বস্তু ভাসতে দেখা গেছে। এগুলো নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করা হয়। ওই ছবি অনুযায়ী সেই অঞ্চলে ব্যাপক তল্লাশি চালায় মালয়েশিয়া ও ভিয়েতনাম সরকার। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

আজ চীনের বেসামরিক বিমানের প্রধান লি জিয়াঝিয়াং বলেন, স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া দক্ষিণ চীন সাগরে ভাসমান ‘কিছু বস্তুর’ ছবি যে মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের, এর কোনো প্রমাণ নেই। এর কিছু সময় পর মালয়েশিয়ায় নিযুক্ত চীনের দূতাবাস জানায়, ছবিটি ভুল করে প্রকাশ করা হয়েছে।

এদিকে, বিমান নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে আজ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিমানটির ইঞ্জিন থেকে স্বয়ংক্রিয়ভাবে ধারণকৃত তথ্য অনুযায়ী রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় চার ঘণ্টা আকাশে উড়েছে বিমানটি। এ ধারণাও সঠিক নয় বলে জানালেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী হিশাম উদ্দিন।