মালয়েশিয়ার বিরোধী নেতাকে জাপানে প্রবেশে বাধা
মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে জাপানে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ‘মর্মাহত’ হয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে আনোয়ার এসব কথা জানান। ওই ঘটনার পেছনে মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের হাত রয়েছে কি না, সে প্রশ্ন তুলেছে আনোয়ারের দল। আনোয়ার জানান, তিনি গত রোববার সকালে ব্যক্তিগত সফরে জাপানের রাজধানী টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জাপানের একটি বেসরকারি সংস্থার আয়োজনে আন্তধর্মবিষয়ক একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে জানিয়ে দেয়, তিনি ১৯৯৯ সালে সমকামিতা ও দুর্নীতির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাই তাঁকে জাপানে ঢুকতে দেওয়া হবে না। বিচারে তখন আনোয়ারের ছয় বছরের কারাদণ্ড হয়েছিল। অবশ্য, ওই দণ্ডাদেশ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকের দৃষ্টিতে, আনোয়ারের শত্রুরা ষড়যন্ত্র করে ওই মামলা দিয়েছিল। ঘটনা যা-ই হোক, ওই অভিযোগ ওঠার পর মালয়েশিয়ার দীর্ঘদিনের ক্ষমতাসীন দলের উঠতি নেতা আনোয়ারের রাজনৈতিক ভবিষ্যৎই ওলটপালট হয়ে যায়।
আনোয়ার বলেন, ‘টোকিও বিমানবন্দরের ওই ঘটনায় আমি মর্মাহত। একজন বিরোধীদলীয় নেতা ও জ্যেষ্ঠ রাজনীতিকের সঙ্গে একটি গণতান্ত্রিক দেশ এমন আচরণ করতে পারে না।’
আনোয়ার জানান, তিনি জাপানি অভিবাসন কর্মকর্তাদের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে তাঁদের বলেছিলেন, ১৯৯৯ সালের ওই দণ্ডাদেশ তাঁকে জাপান সফরের অনুমতি না দেওয়ার বৈধ কারণ হতে পারে না। কেননা, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত তিনি তিনবার জাপান সফরে গেছেন।
আনোয়ারের পিপলস জাস্টিস পার্টি এক বিবৃতিতে বলেছে, আনোয়ারের জাপানে প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে মালয়েশীয় সরকারের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেনি। এএফপি।