মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোট আবারও জয়লাভ করেছে। সে দেশের নির্বাচন কমিশন এ তথ্য জানায়। গতকাল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিরোধী জোটের নেতা আনোয়ার ইব্রাহিম এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন কমিশন বলেছে, বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ফ্রন্ট পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ১১২টিতে জয়লাভ করেছে। গতকাল ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় আট ঘণ্টা পর নির্বাচন কমিশনের চেয়ারম্যান আজিজ ইউসোফ সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন। যদিও বিশ্লেষকেরা বলেছিলেন, এ নির্বাচনে বিশ্বের অন্যতম দীর্ঘদিনের শাসক জোটের ক্ষমতার অবসান ঘটতে পারে। অন্যদিকে ন্যাশনাল ফ্রন্টের মূল প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট পিপলস অ্যালায়েন্সের প্রধান ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ক্ষমতায় ফেরার শেষ সুযোগ বলে মনে করা হচ্ছিল। মালয়েশিয়ার স্থানীয় সময় গতকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নাজিব রাজাক পেকান শহরের কেন্দ্রে ভোট দেন। আনোয়ার ইব্রাহিম তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে পেনাং শহরের একটি কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর ৬৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘জনগণ জেগে উঠেছে। আশা করছি, আমরাই জয়ী হব।’ ভোট গ্রহণ শেষ হলে দেশটির নির্বাচন কমিশন বলে, প্রাথমিকভাবে ৮০ শতাংশ ভোট পড়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও নাজিব রাজাকের জোটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন বিতর্কিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভোট দেওয়ার সময় ভোটারদের নখে ‘অমোচনযোগ্য’ যে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে, তা সহজেই উঠে যাচ্ছে। ন্যাশনাল ফ্রন্ট নিজেদের পক্ষে জাল ভোট দেওয়ার জন্য এমন কালি ব্যবহার করেছে। ভোটার হালিম মোহাম্মদ (৭৭) বলেন, ‘ভোট দেওয়ার পর আমার নখে লাগিয়ে দেওয়া কালি উঠে গেছে। আমার খারাপ লাগছে। কারণ, এটা একধরনের প্রতারণা।’ এ সময় হালিম তাঁর নখ দেখিয়ে বলেন, ‘আমি বিষয়টি সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকেও জানিয়েছি। তিনি ব্যবস্থা না নিয়ে শুধু হেসেছেন।’এর আগেই অবশ্য আনোয়ার ইব্রাহিমের জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দোদুল্যমান আসনগুলো নিজেদের পক্ষে নেওয়ার জন্য নাজিব রাজাক ‘সন্দেহভাজন বিদেশি ভোটারদের’ ভোট দেওয়ার ব্যবস্থা করছেন। প্রায় ৫৬ বছর থেকে মালয়েশিয়ার ক্ষমতায় আছে ন্যাশনাল ফ্রন্ট। এএফপি ও রয়টার্স।