মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রত্যন্ত একটি প্রদেশে সশস্ত্র ফিলিপিনো ইসলামপন্থীদের মাসব্যাপী সহিংসতার সঙ্গে জড়িত সন্দেহে অর্ধশতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ গতকাল শুক্রবার এ কথা জানায়।সাবাহ প্রদেশে অস্ত্রধারী জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। জঙ্গিদের নেতা অস্ত্রবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দিয়েছে দেশটির সরকার।গ্রেপ্তারের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় পুলিশের প্রধান ইসমাইল ওমর জানান, সাবাহ প্রদেশের যে এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই চলছে, তার বাইরে থেকে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে তারা মালয়েশিয়ার নাগরিক, নাকি বিদেশি, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পুলিশ-প্রধান।ফিলিপাইনের এক স্বঘোষিত সুলতানের অসংখ্য অনুসারী গত মাসে সাবাহ প্রদেশের বর্নিও দ্বীপের একাংশে ঢুকে পড়ে। তারা ওই এলাকার নিয়ন্ত্রণ দাবি করে। কিন্তু মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী তাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। এএফপি।