মালয়েশিয়ায় জিম্মিকারীকে মাথায় গুলি করে নাটকের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার একটি কিন্ডারগার্টেনের চার শিক্ষক ও অন্তত ৩০ শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টা জিম্মি করে রাখে এক ব্যক্তি। পরে ওই জিম্মিকারীর মাথায় গুলি করে এ নাটকের অবসান ঘটায় পুলিশ।মালয়েশিয়ার জোহর প্রদেশের মুয়ার শহরের ওই কিন্ডারগার্টেনের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গুলি ছুড়েই জিম্মিকারীকে জব্দ করে পুলিশ। এর মধ্য দিয়ে শেষ হয় রুদ্ধশ্বাস জিম্মি নাটকের। শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মিদশা থেকে নিরাপদে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, জিম্মিকারী বেঁচে আছে। তাকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শীরা বলেন, দা ও হাতুড়ির ভয় দেখিয়ে ওই ব্যক্তি কিন্ডারগার্টেনের চার শিক্ষকসহ শিক্ষার্থীদের জিম্মি করে দোতলা ভবনে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও এলিট স্পেশাল অ্যাকশন ইউনিটের সদস্যরা ওই ভবনটি ঘিরে উদ্ধার তৎপরতা চালান। একপর্যায়ে জিম্মিকারীর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। এএফপি।