মালয়েশিয়ায় নির্বাচন ৫ মে
মালয়েশিয়ায় বহুল প্রতীক্ষিত পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার আবদুল আজিজ মোদ ইউসুফ গতকাল বুধবার এ ঘোষণা দেন। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারের জন্য এই নির্বাচনকে সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কেননা, দীর্ঘ ৫৬ বছর ধরে ক্ষমতায় থাকা সরকারি দলটির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী দল। এই নির্বাচনই নাজিবের নেতৃত্বাধীন জোট সরকারের ভাগ্য নির্ধারণ করবে।দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ বলেন, ২০ এপ্রিল চূড়ান্তভাবে প্রার্থী মনোনয়ন করা হবে এবং এদিন থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। অর্থাৎ প্রার্থীরা নির্বাচনী প্রচারণার জন্য মাত্র দুই সপ্তাহ সময় পাচ্ছেন। নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী নাজিব গত সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেন। তবে নির্বাচনের আগ পর্যন্ত তিনিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তাঁর নেতৃত্বে ক্ষমতাসীন জোটের মালয়েশিয়ার অর্থনীতিতে সাফল্য তুলে ধরছেন এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নগদ অর্থসহায়তাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিবিসি ও রয়টার্স।