মালয়েশিয়ায় বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ নিহত
মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় সাবাহ প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন পুলিশের সদস্য নিহত হয়েছেন। গত শনিবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই বন্দুকধারীও নিহত হয়। মালয়েশিয়ার পুলিশ-প্রধান ইসমাইল ওমর সাংবাদিকদের জানান, সাবাহ প্রদেশের সেম্পর্না শহরে পুলিশের সঙ্গে ফিলিপিনো বন্দুকধারীদের সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য নিহত হন। এ সময় দুই বন্দুকধারীও নিহত হয়েছে।ফিলিপাইন বংশোদ্ভূত মুসলিম একটি জনগোষ্ঠীর দাবি, উনিশ শতকের ঐতিহাসিক বিভিন্ন নথিপত্র অনুযায়ী সাবাহ প্রদেশের ওই অঞ্চলের আদিবাসী তারা। তাই ওই অঞ্চল তাদের মালিকানায় থাকা উচিত। ওই জনগোষ্ঠী নিজেদের ‘রয়েল আর্মি অব সুলু’ বলে দাবি করে। গত মাসের শুরুর দিকে অন্তত ১০০ জন ফিলিপাইন বংশোদ্ভূত মুসলিম ওই অঞ্চলের লাহাদ দাতু নামের একটি গ্রাম দখল করে নেয়। তাদের নেতৃত্ব দেয় নিজেকে সুলুর সুলতান বলে দাবিদার তৃতীয় জামালুল কিরামের ছোট ভাই।একসময় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের কয়েকটি দ্বীপে সুলু রাজ্য বিস্তৃত ছিল। তাদের দাবি, সাবাহ প্রদেশ তাদের রাজ্যভুক্ত। ১৯৬৩ সালে সাবাহ মালয়েশিয়ার অন্তর্ভুক্ত হয়। এর পর থেকে মালয়েশিয়া সরকার সুলুর সুলতানকে প্রতিবছর প্রতীকী ভাড়া দিয়ে আসছে।সুলু রয়েল আর্মির দাবি, সাবাহ যে সুলু রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, মালয়েশিয়া সরকার তার আনুষ্ঠানিক স্বীকৃতি দিক। প্রতীকী ভাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। তবে মালয়েশিয়া সরকার জানিয়ে দিয়েছে, তাদের এ ধরনের কোনো ইচ্ছে নেই। বিবিসি ও এএফপি।