মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া সরকারের প্রতি সে দেশে কর্মরত বিদেশি শ্রমিকদের ওপর নির্মম নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, মালয়েশিয়ায় যেসব বিদেশি শ্রমিক কর্মরত রয়েছেন, তাঁদের ‘ক্রীতদাস শ্রমিক’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অধিকাংশ শ্রমিক স্থানীয় নিয়োগকারীদের দ্বারা যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে তাঁদের জোর করে নির্ধারিত সময়ের চেয়ে বেশি খাটিয়ে বেতন দেওয়া হচ্ছে না। মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো এক বিবৃতিতে এসব বিষয় তুলে ধরে অ্যামনেস্টি এসব বন্ধ করার আহ্বান জানায়। খবর এএফপির।বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের বেশির ভাগ বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া থেকে যাওয়া। এসব শ্রমিক সেখানে নারকীয় পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অনেক সময় তাঁদের ইচ্ছার বিরুদ্ধে দিনে ১২ ঘণ্টা বা এরও বেশি সময় কাজ করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। প্রতিনিয়ত তাঁদের নিয়োগকারীদের গালিগালাজ শুনতে হয়। অনেক সময় তাঁদের ওপর নেমে আসে শারীরিক ও যৌন নির্যাতন।অ্যামনেস্টি বলেছে, শ্রমিকদের বেশির ভাগই ধারদেনা করে একটু ভালো থাকার আশায় মালয়েশিয়া পাড়ি জমান। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সেখানে এসে সর্বস্বান্ত হতে হয়। অনেক সময় তাঁদের কাছে দেশে ফেরার অর্থও থাকে না।বিবৃতিতে আরও বলা হয়, কিছু শ্রমিক সেখানে ক্রীতদাসের মতো দিন কাটাচ্ছেন। সেখানে তাঁদের নিজের ইচ্ছে বলে কিছু নেই। নিয়োগকারীরা বিদেশি শ্রমিকদের কাছ থেকে তাঁদের পাসপোর্ট নিয়ে নিজেদের হেফাজতে রাখে। বিদেশি শ্রমিকদের পাসপোর্ট আটকে রাখা সে দেশের আইন অনুযায়ী বৈধ।অ্যামনেস্টি বলেছে, নিয়োগকারীরা এ আইনের সুযোগ নিয়ে বিদেশি শ্রমিকদের ইচ্ছেমাফিক খাটিয়ে শেষ পর্যন্ত ন্যায্য মজুরি দেয় না। কিন্তু পাসপোর্ট তাদের হাতে আটক থাকায় গ্রেপ্তারের ভয়ে শ্রমিকেরা অন্য কোথাও যেতে পারেন না। বাধ্য হয়ে তাঁদের অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়।অ্যামনেস্টি বলেছে, তারা অন্তত ২০০ ভুক্তভোগী শ্রমিকের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে, অসুস্থ হলেও তাঁদের ছুটি দেওয়া হয় না। কাজ করতে না পারলে বেধড়ক পেটানো হয়। দীর্ঘদিন বেতন আটকে রাখা হয়। কেউ তাঁদের কোনো অভিযোগ কানে তোলে না।অ্যামনেস্টি বলেছে, মাঝেমধ্যে শ্রমিকদের হোস্টেলে পুলিশ হানা দেয়। যাঁরা বৈধভাবে সেখানে কাজ করছেন, তাঁদের কাছেও তারা ঘুষ চায়। যাঁরা ঘুষ দিতে পারেন, তাঁদের ছেড়ে দেওয়া হয়। যাঁরা পারেন না, তাঁদের থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়।এসব বিষয় তুলে ধরে অ্যামনেস্টি মালয়েশিয়া সরকারের কাছে বিদেশি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানায়। সংস্থার পলিসি ডাইরেক্টর মাইকেল বোচেনেক বলেছেন, যত দিন না মালয়েশিয়া সরকার তাদের শ্রম আইন সংশোধন করে বিদেশি শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, তত দিন পর্যন্ত নিয়োগকারীদের এ অত্যাচার-নির্যাতন বন্ধ হবে না। দ্যহিন্দুস্তান টাইমস।