মালয়েশিয়ায় সংস্কারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল শনিবার নির্বাচনী সংস্কারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে বিক্ষোভ করেছে। এতে প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট বারসির সমর্থন রয়েছে।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ছুড়েছে। গ্রেপ্তার করেছে এক হাজার ৪০০ জন বিক্ষোভকারীকে। এর মধ্যে জোটের দুই শীর্ষ নেতাও রয়েছেন। কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।পুলিশ জানায়, গতকাল কুয়ালালামপুরের রাজপথে প্রায় ৫০ হাজার মানুষ নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ করে। তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীরা গ্যাসের শূন্য শেল কুড়িয়ে তা পাল্টা পুলিশের দিকে ছোড়ে। এ সময় পুলিশ বারসির দুই নেতা আম্বিগা শ্রীনিবাসন ও মারিয়া চিনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আরও এক হাজার ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের গাড়িতে করে যাওয়ার সময় সাংবাদিকদের মারিয়া চিন বলেন, ‘আম্বিগা ও আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আম্বিগাকে স্থানীয় থানায় নেওয়া হয়েছে।’ মারিয়াকে কোথায় নেওয়া হয়েছে, তা জানা যায়নি।বারসির প্রধান আম্বিগা শ্রীনিবাসন বলেন, ‘আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়ছি।’ এএফপি, রয়টার্স।