মালয়েশিয়ায় সমাবেশে কাঁদানে গ্যাস ও জলকামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী সংস্কারের দাবিতে গতকাল শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্মরণকালের সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করেছে দাঙ্গা পুলিশ।সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে। এ ছাড়া অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।বিরোধী দলের সমর্থনপুষ্ট সংস্কারপন্থী বেরসিহ গোষ্ঠী এই সমাবেশের ডাক দেয়। আয়োজকদের দাবি, এই প্রতিবাদ সমাবেশে ৮০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। তবে পুলিশ কর্তৃপক্ষ বলছে, এ সংখ্যা ২৫ হাজারের বেশি ছিল না।মালয়েশিয়ার বেসরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীর রাস্তায় নেমে আসে। পরে তারা স্বাধীনতা (মেরদেকা) চত্বরের সামনে জড়ো হয়। ওই চত্বরে জনসমাবেশ করার ওপর আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিক্ষোভকারীদের চত্বরে প্রবেশ ঠেকাতে আগে থেকেই কাঁটাতারের বাধা সৃষ্টি করে পুলিশ। এ ছাড়া সেখানে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।কিন্তু একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশি বাধা পেরিয়ে চত্বরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা চালায়। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় ঠিক কতজন আহত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। বেরসিহ ও বিরোধী দলের নেতা-কর্মীদের অভিযোগ, বর্তমান নির্বাচনী পদ্ধতিতে দুর্বলতা রয়েছে। এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী নাজিব রাজাক আবারও ক্ষমতায় টিকে থাকবেন। নির্বাচন কমিশনও ক্ষমতাসীন জোট সরকারের তল্পিবাহক। এ ছাড়া ভোটার তালিকায় ভুয়া ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সংঘর্ষ শুরুর আগে বিরোধী দলের নেতা আনোয়ার ইব্রাহিম বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পাঠাতে চাই, অবশ্যই সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’সংস্কারের দাবিতে গত বছরও বেরসিহ গোষ্ঠী সমাবেশের আয়োজন করেছিল। তখন পুলিশ অন্তত এক হাজার ৬০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। প্রধানমন্ত্রী তখন সংস্কারের প্রতিশ্রুতি দেন। চলতি মাসে দেশটির পার্লামেন্ট কয়েক দফা সংস্কার এনেছে। কিন্তু বিরোধীদের দাবি, এতে নির্বাচনে জালিয়াতি ঠেকানোর মূল বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাম্প্রতিক সময়ে জনসমাবেশের ওপর সরকারের কড়াকড়ি আরোপের ঘটনারও সমালোচনা করা হচ্ছে। সরকার নানাভাবে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।গতকালের সংঘর্ষের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বলেছে, ‘গত বছর সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আমরা দেখছি, সরকার গণতন্ত্রপন্থীদের ওপর বলপ্রয়োগে দ্বিধা করছে না।’সরকার অন্য কোনো চত্বরে সমাবেশ করার জন্য বিরোধীদের আহ্বান জানায়। এই আহ্বান প্রত্যাখ্যান করে বেরসিহ বলে আসছে, স্বাধীনতা চত্বরে সমাবেশ করা তাদের মৌলিক অধিকার। এএফপি ও বিবিসি।