মালয়েশীয় বিমানটি কি ছিনতাই হয়েছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়া মালয়েশীয় বিমানটির খোঁজে ভিয়েতনামের এক সামরিক কর্মকর্তা। ছবি: রয়টার্স
নিখোঁজ হওয়া মালয়েশীয় বিমানটির খোঁজে ভিয়েতনামের এক সামরিক কর্মকর্তা। ছবি: রয়টার্স

নিখোঁজ হওয়া মালয়েশীয় বিমানটির পরিণতি নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে এবার ছিনতাইয়ের বিষয়টি তদন্তে এসেছে। খতিয়ে দেখা হচ্ছে, বিমানটি ছিনতাই হয়েছে কি না। একই সঙ্গে বিমানটির নিখোঁজ হওয়ার পেছনে  কোনো চালকের আত্মহত্যার ঘটনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ তথ্যপ্রমাণে দেখা গেছে, বিমানটি দক্ষিণ চীন সাগরের বিধ্বস্ত হয়নি। কিছু বিশেষজ্ঞ ধারণা করছেন, কোনো বৈমানিক বা অন্য কেউ বিমানটি ছিনতাই করেছেন বা বিমানটি সাগরে বিধ্বস্ত করে আত্মহত্যা করেছেন।
বিমান নিখোঁজের ঘটনায় কোনো মানুষের হাত রয়েছে কি না, তা তদন্ত করছেন মার্কিন কর্মকর্তারা।
গতকাল শুক্রবার এক মার্কিন কর্মকর্তা বলছেন, বিমনাটি ছিনতাই হতে পারে। বিমানটি কোথাও অবতরণও করতে পারে। তবে সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের সর্বশেষ তথ্য, বিমানটির যোগাযোগের দুটি ব্যবস্থা ১৪ মিনিটের ব্যবধানে একে একে বন্ধ হয়ে যায়। দৃশ্যত এগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে মনে হচ্ছে, আকস্মিক কোনো বিপর্যয় বা দুর্ঘটনায় বিমানটি যোগাযোগ বন্ধ করে দেয়নি।

তদন্ত কর্মকর্তারা বলছেন, গতকাল দিবাগত রাত একটা সাত মিনিটে বিমানের ‘ডেটা রিপোর্টিং সিস্টেম’ এবং একটা ২১ মিনিটে ট্রান্সপন্ডার (বেতারবার্তা পাঠানোর যন্ত্র) বন্ধ হয়ে যায়। পাইলট মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ‘সব ঠিক আছে, শুভ রাত্রি’ বলার পরপরই ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়। সেটাই বিমানটির শেষ যোগাযোগ।

সাত দিন পেরিয়ে গেলেও মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির হদিস মেলেনি। ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হওয়ার পর থেকেই এর সম্পর্কে একের পর এক তথ্য দেওয়া হয়েছে। কোনো না কোনো পক্ষ আবার এর সত্যতা নাকচ করেছে।

তবে অনুসন্ধানকাজে ভাটা না পড়ে গতকাল বরং তল্লাশির এলাকা ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু তথ্যের ভিত্তিতে সেখানে নজর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র নিজেও ভারত মহাসাগর এলাকায় অত্যাধুনিক নজরদারি বিমান ও জাহাজ পাঠিয়েছে।

মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং-৭৭৭ বিমানটি ১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে গত শুক্রবার মধ্যরাতের পর নিখোঁজ হয়। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর দক্ষিণ চীন সাগরের ওপর উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান রাডারে ধরা পড়ে।