মাহমুদ আব্বাসকে সরাসরি আলোচনার প্রস্তাব নেতানিয়াহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফিলিস্তিন প্রশ্নে সরাসরি আলোচনার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, নিউইয়র্কে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহু আলোচনায় বসতে আগ্রহী। নেতানিয়াহুর বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের প্রতি নিউইয়র্কে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। তবে তাঁরা জেরুজালেম ও রামাল্লায়ও এ আলোচনা শুরু করতে পারেন।’এদিকে নেতানিয়াহুর সরাসরি আলোচনা প্রস্তাবের প্রতি সাড়া দিয়ে ফিলিস্তিনি নেতৃত্ব বলেছে, নতুন আলোচনা শুরুর আগে ইসরায়েলকে অবশ্যই সুনির্দিষ্ট শর্ত মানতে হবে। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, নেতানিয়াহুকে অবশ্যই সুনির্দিষ্ট শর্ত মানতে হবে এবং তাৎক্ষণিকভাবে আলোচনা শুরুর জন্য পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনের প্রক্রিয়া বন্ধ করতে হবে। আর এই আলোচনার স্থায়িত্ব কোনোভাবেই ছয় মাসের বেশি হবে না এবং আলোচনাকে কার্যকর ও নির্ভরযোগ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকার থাকতে হবে।এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার সঙ্গে বৈঠক করতে গত সোমবার পেন্টাগন গেছেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর সম্ভাবনার বিষয়ে তাঁরা আলোচনা করবেন। একই সঙ্গে কায়রোতে ইসরায়েলি দূতাবাসে হামলার বিষয়েও তাঁরা আলোচনা করবেন। এর আগে মাহমুদ আব্বাস বলেছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী; তবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের জন্য জাতিসংঘের স্বীকৃতি লাভের পদক্ষেপের বিষয়ে তিনি অনঢ়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছে, তারা নিরাপত্তা পরিষদে আব্বাসের এই পদক্ষেপের বিরোধিতা করবে এবং এই পদক্ষেপের বিষয়ে সংকট এড়ানোর জন্য তারা ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাবে। ফিলিস্তিনিরা ১৯৬৭ সালের ‘ছয় দিনের যুদ্ধের’ আগের নির্ধারিত সীমান্ত অনুসারে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। ১৯৬৭ সালের ওই যুদ্ধের আগের সীমান্ত অনুসারে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর ও গাজা উপত্যকা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত।চলতি সপ্তাহের শেষ দিকে নেতানিয়াহুর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করার কথা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, শুধু সরাসরি আলোচনার মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে। তবে ফিলিস্তিনি নেতৃত্ব বলছে, সরাসরি আলোচনার প্রক্রিয়া তাদের কোনো সমাধান দেয়নি। মাহমুদ আব্বাস বলেছেন, আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর তিনি আন্তর্জাতিক সংগঠনটির মহাসচিব বান কি মুনের কাছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি লিখিত অনুরোধ পেশ করবেন। নিরাপত্তা পরিষদে বান কি মুন আব্বাসের প্রস্তাব অনুমোদন করলে সেটি পাস করার জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। ভোটাভুটিতে প্রস্তাবটি পাস করতে নিরাপত্তা পরিষদের ১৫টি স্থায়ী সদস্য দেশের মধ্যে কমপক্ষে নয় সদস্য দেশের প্রস্তাবটির পক্ষে সমর্থন লাগবে। একই সঙ্গে স্থায়ী সদস্য দেশগুলোর সবার সমর্থন লাগবে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবে। এএফপি, বিবিসি ও আল-জাজিরা।