মাহিন্দা রাজাপক্ষের জয় ফনসেকার প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার নির্বাচন কমিশন তাঁকে জয়ী ঘোষণা করে। তবে রাজাপক্ষের প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকা এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। ফনসেকা কলম্বোয় যে হোটেলে অবস্থান নিয়েছেন, সেটি ঘেরাও করে রেখেছেন সেনাসদস্যরা।নির্বাচন কমিশন জানায়, মাহিন্দা রাজাপক্ষে পেয়েছেন ৫৭ শতাংশ ভোট আর ফনসেকা পেয়েছেন ৪০ শতাংশ। অন্য প্রার্থীরা পেয়েছেন মোট তিন শতাংশ ভোট।রাষ্ট্রনিয়ন্ত্রিত রূপাভাহিনি টেলিভিশনে বলা হয়, প্রেসিডেন্টের জন্য এটা আলোড়ন সৃষ্টিকারী বিজয়। রাজাপক্ষের মুখপাত্র চন্দ্রপালা লিয়ানাগে বলেন, প্রেসিডেন্ট রাজাপক্ষে তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান ফনসেকার চেয়ে ১৮ লাখের বেশি ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে এক কোটিরও বেশি। মুখপাত্র আরও বলেন, নির্বাচনী ফলাফলে রাজাপক্ষে খুবই খুশি এবং তিনি সব ভোটারকে ধন্যবাদ জানিয়েছেন।নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলম্বোর রাস্তায় নেমে আসে মাহিন্দা রাজাপক্ষের সমর্থকেরা। তারা আতশবাজি পুড়িয়ে ও জাতীয় পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করে।এদিকে শরত্ ফনসেকা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন। ফলাফল চ্যালেঞ্জেরও ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনে বেশ কয়েকটি অভিযোগ করেছেন সাবেক এই জেনারেল। ফনসেকা দাবি করেন, নির্বাচনের আগে ব্যাপক অনিয়ম হয়েছে। সরকারি সংবাদমাধ্যম ও টেলিভিশনের ব্যাপক অপব্যবহার করা হয়েছে। তাঁর সমর্থকদের ভোট দিতে আসতে বাধা দেওয়া হয়েছে। ফনসেকা আরও অভিযোগ করেন, সরকার তাঁকে হত্যা করতে চাইছে।নির্বাচনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয়েছে রাজাপক্ষে ও ফনসেকার মধ্যে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা জন্মালেও রাজাপক্ষের বিরুদ্ধে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফনসেকা।পর্যবেক্ষকেরা জানান, নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ। যদিও তামিল অধ্যুষিত এলাকায় ভোট দেওয়ার হার ছিল খুবই কম। ওই এলাকায় ভোট পড়েছে ৩০ শতাংশেরও কম। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ক্যাম্পেইন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলেছে, তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলে অনেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। শ্রীলঙ্কায় মোট ভোটারের সংখ্যা এক কোটি ৪০ লাখ।গত মে মাসে তামিল টাইগার গেরিলাদের চূড়ান্তভাবে পরাজিত করার পর প্রেসিডেন্ট রাজাপক্ষে ও তত্কালীন সেনাপ্রধান ফনসেকা জাতীয় বীরের মর্যাদায় অধিষ্ঠিত হন। কিন্তু যুদ্ধক্ষেত্রের এ দুই মিত্রের পরস্পরের শত্রুতে পরিণত হতে খুব বেশি সময় লাগেনি। ফনসেকা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর দুজনের মধুর সম্পর্ক তিক্ততায় পর্যবসিত হয়।সাবেক সেনাপ্রধান ফনসেকা কয়েকজন বিরোধী নেতাসহ কলম্বোর যে বিলাসবহুল হোটেলে অবস্থান করছেন, সেটি ঘিরে রেখেছেন ভারী অস্ত্রসজ্জিত সেনাসদস্যরা। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল উদয়া নানাইয়াক্করা বলেন, হোটেলের ভেতর প্রায় ৪০০ লোক অবস্থান করছেন। নানাইয়াক্করা বলেন, সাবেক সেনাপ্রধান তাঁদের লক্ষ্য নন। তাঁর ওপর কোনো বিধিনিষেধও নেই। তিনি স্বাধীনভাবে হোটেল ত্যাগ করতে পারবেন।প্রতিরক্ষাসচিব বলেছেন, জেনারেল ফনসেকা ইচ্ছা করলে হোটেল থেকে চলে যেতে পারেন। তবে নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে তিনি যেসব অভিযোগ করেছেন, সে ব্যাপারে তাঁকে জবাবদিহি করতে হতে পারে।সেনাবাহিনীর এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিরোধী দলগুলো। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শরত্ ফনসেকাকে ভীতি প্রদর্শনের জন্য ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফনসেকার মুখপাত্র মানো গনেশান বলেন, তাঁরা নিজেদের নিরাপত্তার জন্য বিদেশি সাহায্যের আবেদন জানাবেন। তিনি বলেন, ‘ফনসেকার নিরাপত্তার জন্য আমি প্রতিবেশী একটি দেশের কূটনীতিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি।’ প্রতিবেশী দেশ বলতে তিনি সম্ভবত ভারতের প্রতি ইঙ্গিত করেছেন।এর আগে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ফনসেকা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনী নিয়োগ করেছেন। সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া লোকজনকে এই নিরাপত্তারক্ষী বাহিনীতে নেওয়া হয়েছে।সহিংস ও তিক্ত নির্বাচনী প্রচারণার পর গত মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারকালে সহিংসতায় প্রাণ হারায় চারজন। এএফপি, বিবিসি, এপি, টাইমস অব ইন্ডিয়া।