ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রী মায়াবতী ও তাঁর দল বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতীক হাতির মূর্তি ঢেকে রাখার কাজ শুরু করেছে প্রশাসন।গত শনিবার রাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা মুখ্যমন্ত্রী মায়াবতী ও তাঁর দল বহুজন সমাজ পার্টির প্রতীক হাতির মূর্তি ঢেকে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এগুলো ঢেকে রাখতে হবে। নির্বাচন কমিশন চায়, কাল বুধবার বিকেল পাঁচটার মধ্যে উত্তর প্রদেশে মায়াবতীর সব মূর্তি ও হাতির মূর্তি ঢেকে ফেলতে হবে।লক্ষ্নৌয়ের ডিএম অনিল কুমার সাগর বলেন, ‘আমি গত রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশনাসংবলিত চিঠি পেয়েছি। সোমবার থেকে আমরা কাজ শুরু করেছি।’উত্তর প্রদেশের ৪০৪টি বিধানসভা আসনের নির্বাচন শুরু হচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। সাত দফায় অনুষ্ঠেয় এই নির্বাচন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন উপলক্ষে গত শনিবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ওয়াই এস কুরেশি এক নির্দেশে ওই মূর্তিগুলো ঢেকে রাখার নির্দেশ দেন। দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।