তাজমহলের সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের অভিযোগ এনে দায়ের করা তাজ করিডর মামলায় ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপির প্রধান মায়াবতীর বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর মন্ত্রিপরিষদের সদস্য নাসিমউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে করা আবেদনও খারিজ হয়ে গেছে।এলাহাবাদের হাইকোর্ট গতকাল সোমবার এ রায় দেন এবং ২০০৭ সালে বিশেষ সিবিআই আদালতের দেওয়া রায় বহাল রাখেন।রায় ঘোষণার সময় বিচারপতি ইমতিয়াজ মুর্তজা ও অশ্বানি কুমারের সমন্বয়ে গঠিত লক্ষৌ বেঞ্চ বলেন, আবেদনগুলোর ভিত্তি নেই। এ কারণে এগুলো খারিজ করে দেওয়া হয়েছে।এর আগে ২০০৭ সালের জুনে সিবিআই আদালত মায়াবতী ও নাসিমউদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেন। পরবর্তী সময়ে এই রায়ের বিরুদ্ধে আবেদন করে ছয়টি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল)।আবেদনগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে বিএসপির নেতা ও মায়াবতীর উপদেষ্টা সতীশ চন্দ্র মিশ্র বলেন, অসৎ উদ্দেশ্যে আবেদনগুলো করা হয়েছে। রায় ঘোষণার পর আদালতপাড়ায় সাংবাদিকদের তিনি বলেন, তাজ করিডর মামলায় মায়াবতীর বিরুদ্ধে কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি।তাজমহলের আশপাশে ২০০২ সালে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেন মায়াবতী। ওই প্রকল্পে তিনি ও নাসিমউদ্দিন ১৭৫ কোটি রুপির আর্থিক অনিয়ম করেন বলে অভিযোগ ওঠে। কিন্তু মিশ্র বলেন, বাস্তবে মাত্র ১৭ কোটি রুপি ছাড় দেওয়া হয়। দ্য হিন্দু।