মায়াবতীর বিরুদ্ধে করা মামলা খারিজ
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতীর বিরুদ্ধে জনস্বার্থে দায়ের করা একটি মামলা গতকাল সোমবার খারিজ করে দিয়েছেন আদালত। টাইমস অব ইন্ডিয়া।মায়াবতীকে কোটি রুপির মালা পরানোর ঘটনায় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) তদন্তের দাবি জানিয়ে এ মামলা করা হয়। গত ১৮ মার্চ স্থানীয় তিনজন আইনজীবী এলাহাবাদ হাইকোর্টে এই মামলা করেন। এতে অভিযোগ করা হয়, বিএসপির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মহার্যালিতে’ জনগণের ১৭৫ কোটি রুপি অপচয় করা হয়েছে। এ ছাড়া মায়াবতীকে ২৫ কোটি রুপির মালা উপহার দেওয়া হয়েছে। এটাও জনগণের অর্থ।এলাহাবাদ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অমিতাভ লালা ও বিচারপতি অনিল কুমারকে নিয়ে গঠিত বেঞ্চ এই মামলা খারিজ করে দেন। সম্প্রতি কোটি রুপির মালা পরা নিয়ে ভারতের পার্লামেন্ট ও এর বাইরে কঠোর সমালোচনার মুখে পড়েন দলিত নেত্রী মায়াবতী। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ মার্চ তাঁকে কোটি রুপির মালা উপহার দেন নেতা-কর্মীরা। এর কয়েক দিনের মধ্যে নেতা-কর্মীরা আবারও তাঁকে ১৮ লাখ রুপির মালা উপহার দেন।