মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ওবামার নতুন বছর শুরু
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হাওয়াইয়ে তাঁর মা ও নানার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন বছর শুরু করলেন। হাওয়াইয়ে ছুটি কাটানোর শেষ পর্যায়ে গত রোববার ওবামা এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। ক্রিসমাস ও নতুন বছরের ছুটি কাটানো শেষে গতকালই মার্কিন প্রেসিডেন্টের নিউইয়র্কে ফেরার কথা রয়েছে। রোববার হাওয়াইয়ের পাঞ্চবোলে ন্যাশনাল মেমোরিয়াল সিমেট্রিতে ওবামা তাঁর নানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক সার্জেন্ট স্টানলি ডানহামের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শৈশবে ওবামার তাঁর নানার প্রতি বড় ধরনের প্রভাব ছিল। এরপর মার্কিন প্রেসিডেন্ট তাঁর মায়ের নৃতাত্ত্বিক গবেষণামূলক কাজের ওপর একটি প্রদর্শনী পরিদর্শন করতে ইস্ট-ওয়েস্ট সেন্টারে যান। এ সময় স্ত্রী মিশেল ও দুই মেয়েও তাঁর সঙ্গে ছিলেন। সেন্টারটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন নীতিনির্ধারণে থিঙ্কট্যাঙ্ক হিসেবে কাজ করে থাকে। এখানে ওমাবার পরলোকগত মা অ্যান ডানহামের নৃতাত্ত্বিক কাজের প্রদর্শনীর পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রত্যন্ত গ্রামগুলো থেকে সংগ্রহ করা কাপড়, সিরামিকের জিনিস ও বেতের সামগ্রীও ঠাঁই পেয়েছে। ওবামা মায়ের সঙ্গে তাঁর শৈশবে চার বছর ইন্দোনেশিয়ায় কাটিয়েছেন। এএফপি।