মিউনিখ অলিম্পিকে হামলার মূল পরিকল্পনাকারীর জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে হামলার মূল পরিকল্পনাকারী মোহম্মাদ ওউদেহ (আবু দাউদ) গত শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কের একটি হাসপাতালে মারা গেছেন। দাউদের পরিবার ও ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আবু দাউদের মেয়ে হানা ওউদেহ জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে দামেস্কের আন্দালুস হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৭২ সালের ৫ সেপ্টেম্বর অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের ক্রীড়া প্রতিনিধিদলের ওপর আট ফিলিস্তিনি গেরিলা হামলা চালান। তাঁরা গুলি চালিয়ে ইসরায়েলের ক্রীড়া প্রতিনিধিদলের চার সদস্যকে হত্যা করেন। এ ছাড়া তাঁরা আরও নয়জনকে জিম্মি করে নিয়ে যান। পরে ঘোষণা দেওয়া হয়, ইসরায়েলের হাতে বন্দী ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হলে এই নয়জনকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইসরায়েল এ প্রস্তাবে অস্বীকৃতি জানায়। এরপর হেলিকপ্টারযোগে জিম্মি নয় ক্রীড়াবিদ ও গেরিলাকে জার্মানির একটি বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কায়রো নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ জার্মানি বাহিনী ফিলিস্তিনি গেরিলাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফিলিস্তিনি গেরিলারাও পাল্টা গুলি চালান। এতে পাঁচ গেরিলা, একজন জার্মানি পুলিশ কর্মকর্তা ও নয় ইসরায়েলি খেলোয়াড় মারা যান। ১৯৭০-এর দশকে ‘ব্ল্যাক সেপ্টেম্বর’-এর নেতৃস্থানীয় পদে ছিলেন আবু দাউদ। ইয়াসির আরাফাতের ফাতাহ আন্দোলনের শাখা ছিল ব্ল্যাক সেপ্টেম্বর। ২০০৮ সালে এপির সঙ্গে এক সাক্ষাৎকারে দাউদ মিউনিখ অলিম্পিকে গেরিলা হামলার পরিকল্পনা ও প্রস্তুতির দায় স্বীকার করেন। তবে তিনি ফিলিস্তিনি গেরিলাদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করতে অস্বীকৃতি জানান। ১৯৯৯ সালে লেখা ‘প্যালেস্টাইন: ফ্রম জেরুজালেম টু মিউনিখ’ বইয়েও তিনি এ হামলার পরিকল্পনা ও প্রস্তুতির কথা স্বীকার করেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার একজন প্রতিবেদক দাউদের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দাউদের দাফন শনিবার বিকেলে দামেস্কের কাছে ইয়ারমুক শরণার্থী শিবিরে অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি পতাকায় মোড়ানো তাঁর কফিন নিয়ে একটি শবযাত্রা বের করা হয়। শবযাত্রায় অংশ নেওয়া লোকজন ইসরায়েলবিরোধী স্লোগান দেয়। এএফপি, বিবিসি।