মিত্র এখন প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক মাস আগেই তামিল গেরিলাদের সঙ্গে দীর্ঘ তিন দশক ধরে চলা গৃহযুদ্ধে জয়লাভের সময় পরস্পরের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তাঁরা দুজন। এখন তাঁরা পরস্পরের রাজনৈতিক প্রতিপক্ষ। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে একসময়ের দুই মিত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ও সাবেক সেনাপ্রধান শরত্ ফনসেকার মধ্যে বৈরিতা তুঙ্গে পৌঁছেছে। তাঁরা দুজনেই এই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী। দুজনই দাবি করছেন, তাঁরাই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবেন।মাহিন্দা রাজাপক্ষে একজন অভিজ্ঞ রাজনীতিক। মাত্র ২৪ বছর বয়সে তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। অন্যদিকে তামিল গেরিলাদের বিরুদ্ধে রণক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ফনসেকা রাজনীতিতে নতুন। তবে যুদ্ধ জয়ে নেতৃত্ব দেওয়ায় সম্প্রতি তাঁর জনপ্রিয়তা যথেষ্ট বেড়েছে।২০০৫ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজাপক্ষে শরত্ ফনসেকাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেন। গত মে মাসে তামিল গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর ফনসেকার প্রশংসা করে রাজাপক্ষে তাঁকে বিশ্বের শ্রেষ্ঠ সেনানায়ক হিসেবেও অভিহিত করেছিলেন। কিন্তু এর পর থেকেই দৃশ্যপট বদলে যেতে শুরু করে।যুদ্ধ জয়ের কৃতিত্ব কার সবচেয়ে বেশি, তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যেই গুজব ওঠে, ফনসেকা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন এবং ক্ষমতা দখলের জন্য তিনি সামরিক অভ্যুত্থান ঘটাতে পারেন। আর এই গুজবের পরিপ্রেক্ষিতে এবং নিজের অবস্থান সংহত রাখতে ফনসেকাকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেন রাজাপক্ষে। এর প্রতিবাদে ফনসেকা সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন এবং নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন।দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন চরমে পৌঁছেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকেরা প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, গত চার বছর দায়িত্ব পালনের সময় তিনি কোনো পদে ভুল লোককে বসিয়েছেন কি না। এর উত্তরে রাজাপক্ষে বলেন, ‘আমাদের সেনাবাহিনীর প্রধানকে নির্বাচন করা ছিল অন্যতম একটি ভুল।’ দুজনের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছে যখন স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ফনসেকার ভাগ্যলিপিতে বলা আছে, তিনি ক্ষমতাবান এবং একদিন প্রেসিডেন্ট হবেন। শ্রীলঙ্কার সমাজে এ ধরনের খবরের বেশ গুরুত্ব রয়েছে।রাজনীতিতে নতুন হলেও ফনসেকা ৪০ বছর সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। তিনি বক্সিং ও সাঁতার কাটতে পছন্দ করেন। ২০০৬ সালে তামিল বিদ্রোহীদের একটি আত্মঘাতী হামলা থেকে প্রাণে বেঁচে যান তিনি। ওই হামলায় গুরুতর আহত হলেও সেরে ওঠার পর তাঁর নেতৃত্বেই শ্রীলঙ্কার সরকারি বাহিনী ৩৭ বছরের দীর্ঘ গৃহযুদ্ধে জয়লাভ করে। রাজাপক্ষে ও ফনসেকার বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘ; কিন্তু দুজনই বিষয়টি এড়িয়ে রয়েছেন।রাজনীতিতে জড়ানোর ব্যাপারে ফনসেকা বলেন, তাঁর রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছা ছিল না। তিনি স্বাভাবিক ও সম্মানজনকভাবে অবসর নিতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি যুদ্ধ জিতেছি, কিন্তু প্রেসিডেন্ট দেশে শান্তি আনতে ব্যর্থ হয়েছেন।’নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার মধ্যপন্থী তামিল রাজনীতিক ধর্মলিঙ্গম সিথাদথান বলেন, ‘তামিল বিদ্রোহীদের হামলার শঙ্কা ছাড়া প্রথম একটি নির্বাচন করতে যাচ্ছি আমরা। নির্বাচনে তামিলদের প্রভাব থাকবে, তবে তারা এখন আর কোনো হুমকি নয়।’ এএফপি।